ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইরানি সামরিক বাহিনীর নিয়মিত কাজের অংশ: হাতামি
-
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ সব ধরনের সামরিক তৎপরতা পরিকল্পনা অনুযায়ী এবং রুটিন মাপিক করে আসছে।
ইরানি সামরিক বাহিনীর কর্মকাণ্ড প্রসঙ্গে জেনারেল হাতামি আজ (বুধবার) বলেন, বিশ্বের সব দেশেই এ ধরনের কর্মকাণ্ড স্বাভাবিক কাজ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তিনি বলেন, "যদি কোনো পক্ষ ইরানি সামরিক বাহিনীর এ ধরনের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ায় বা তা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে তারা তাদের নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই তা করছে। আমাদের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ যেসব তৎপরতা চালাচ্ছে তা পুরোপুরি নিয়মিত কাজের অংশ।" প্রতিরক্ষামন্ত্রী হাতামি বলেন, সেনাবাহিনীর গবেষণামূলক কাজ পরিকল্পনা অনুযায়ী এবং নিয়মিতভাবে এগিয়ে যাচ্ছে।
২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষকারী কিছু পক্ষ তাদের বহুপক্ষীয় আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান বলে আসছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই। ইরান একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে গত শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন খবর প্রকাশ করার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে এসব বক্তব্য এলো।#
পার্সটুডে/বাবুল আখতার/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।