ট্রাম্পের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় জারিফের ওপর নিষেধাজ্ঞা!
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দেয়ার কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
মার্কিন সিনেটর র্যান্ড পল গত ১৫ জুলাই জাতিসংঘে নিযু্ক্ত ইরানের স্থায়ী প্রতিনিধির বাসভবনে পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার সময় ট্রাম্পের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়েছিল। মার্কিন সাময়িক দ্যা নিউইয়র্কারে লেখা এক প্রতিবেদন রবিন রাইট এ খবর দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ সেমময় জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আমেরিকায় অবস্থান করছিলেন। ইরানের শীর্ষস্থানীয় নেতাদের পরামর্শে জারিফ সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন বলে মার্কিন এবং ইরানি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, জারিফ নিউইয়র্কে পৌছার তিন সপ্তাহ আগে সিনেটর র্যান্ড পল একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে এই বার্তা ইরানের কাছে পাঠিয়েছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, জারিফ সিনেটর র্যান্ড পলকে বলেছিলেন যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ছবি তোলা ছাড়া কোনো ফলাফল বয়ে আনবে না। কারণ ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিচ্ছেন অন্যদিকে তেহরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, র্যান্ড পলের সঙ্গে বৈঠকের পর জারিফ ট্রাম্পের আমন্ত্রণ বার্তা ইরানের শীর্ষস্থানীয় নেতাদের কাছে পৌঁছান। তারা এ ধরনের বৈঠকের অনুমোদন দেন নি। পররাষ্ট্রমন্ত্রী জারিফ প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি।#
পার্সটুডে/বাবুল আখতার/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।