পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টিতে মার্কিন ভূমিকার ব্যাপারে জারিফের বক্তব্য
https://parstoday.ir/bn/news/iran-i72819-পারস্য_উপসাগরীয়_অঞ্চলে_নিরাপত্তাহীনতা_সৃষ্টিতে_মার্কিন_ভূমিকার_ব্যাপারে_জারিফের_বক্তব্য
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা এমন অবস্থায় নেই যে তারা ইরানের প্রতিরক্ষা কর্মসূচির ব্যাপারে রেড লাইন নির্ধারণ করে দিতে পারে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
আগস্ট ১৫, ২০১৯ ১২:০০ Asia/Dhaka
  • মোহাম্মদ জাওয়াদ জারিফ
    মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা এমন অবস্থায় নেই যে তারা ইরানের প্রতিরক্ষা কর্মসূচির ব্যাপারে রেড লাইন নির্ধারণ করে দিতে পারে।

তিনি গতকাল টুইট বার্তায় আমেরিকা এবং ইসরাইল ও সৌদি আরবসহ অন্যান্য মিত্রদের ভূমিকাকে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালীতে ইরান বিরোধী মার্কিন সামরিক জোট গঠনের প্রচেষ্টা সম্পর্কে বলেছেন," পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান সাগর জুড়ে ইরানের দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে। ইরান সূদীর্ঘকাল ধরে এ অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর জাহাজের অবাধ চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করে আসছে।" জাওয়াদ জারিফ আরো বলেন, "নিরাপত্তা বিধানের জন্য এ অঞ্চলের সব দেশেরই উচিত বিদেশীদের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে নিজেরা একে অপরকে সহযোগিতা করা।"

আরব দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার ষড়যন্ত্র এবং এ অঞ্চলে ওয়াশিংটনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সবার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে, হরমুজ প্রণালীর নিরাপত্তার কথা বলে আমেরিকা যে জোট গঠনের চেষ্টা করছে তার টার্গেট শুধু ইরান নয় বরং এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি ও যুদ্ধের উস্কানি দেয়াও তাদের উদ্দেশ্য যার পরিণতিতে এ অঞ্চলের দেশগুলোকে চরম ক্ষতির মুখে পড়তে হবে। এ অঞ্চলের নিরাপত্তার কথা বলে বিদেশিদের সামরিক উপস্থিতি এবং আরব দেশগুলোর কাছে কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করে আমেরিকা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অনাস্থার পরিবেশ তৈরি করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ অঞ্চলের কয়েকটি দেশের কাছে অস্ত্র বিক্রি করে আমেরিকা পারস্য উপসাগরীয় অঞ্চলকে বারুদের বাক্সে পরিণত করেছে। তিনি জানান, আমেরিকা গত বছর মধ্যপ্রাচ্যে পাঁচ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে।

বর্তমানে এটা সবারই জানা আছে, এ অঞ্চলের নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে এবং এ লক্ষ্যে দেশটি ব্যাপক চেষ্টা চালাচ্ছে। ইরানের মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক রেজা মির আবিয়ান পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা রক্ষার কথা বলে আন্তর্জাতিক জোট গঠনে মার্কিন প্রচেষ্টা সম্পর্কে বলেছেন, একমাত্র ব্রিটেন ও দখলদার ইসরাইল ছাড়া আর কেউ এর প্রতি সমর্থন জানায়নি এবং কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এ জোটে থাকার কথা বলেনি।

ইরান কখনোই যুদ্ধের পক্ষপাতী নয় এবং হামলা না চালানোর বিষয়ে চুক্তিতে সই করার জন্য দেশটি আরব দেশগুলোর কাছে প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে এখনো কূটনৈতিক তৎপরতা চলছে। বাস্তবতা হচ্ছে, আমেরিকার প্রতিটি তৎপরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমেরিকা শুধু যে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে তাই নয় একইসঙ্গে প্যারিস জলবায়ু চুক্তিসহ আরো অনেক আন্তর্জাতিক চুক্তি  থেকেও বেরিয়ে গেছে। তবে নিষেধাজ্ঞা আরোপ ও উস্কানিমূলক তৎপরতা চালিয়েও তারা ইরানের নীতিতে পরিবর্তন আনতে পারবে না বলে বিশ্লেষকরা মনে করছেন। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৫