ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নেতানিয়াহুর ফের বাগাড়ম্বর
https://parstoday.ir/bn/news/iran-i73540-ইরানের_পরমাণু_কর্মসূচির_বিরুদ্ধে_নেতানিয়াহুর_ফের_বাগাড়ম্বর
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে সর্বশেষ প্রতিবেদন প্রকাশের পর ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচির লক্ষ্য সামরিক এবং দেশটি পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৪:০৩ Asia/Dhaka
  • ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
    ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে সর্বশেষ প্রতিবেদন প্রকাশের পর ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচির লক্ষ্য সামরিক এবং দেশটি পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ নেতানিয়াহুর অযৌক্তিক কথাবার্তার প্রতিক্রিয়ায় এক টুইটবার্তায় বলেছেন, পরমাণু শক্তিধর দেশগুলো মিথ্যাবাদী সেই রাখালের মতো যারা ইরানের ব্যাপারে মিথ্যাচার করে যাচ্ছে। তিনি বলেন, "ইসরাইলের প্রধানমন্ত্রী ও বিটিমের সদস্যরা নিরীহ মানুষের রক্তপাতের ব্যাপারে নীরব রয়েছে এবং তারা কেবল যুদ্ধে উন্মাদনা সৃষ্টি করছে।"

ইসরাইলের প্রধানমন্ত্রী সবসময় সুযোগ পেলেই ইরানের পরমাণু কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালান এবং বিশ্ব জনমতকে বিভ্রান্ত করেন। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পেছনে নেতানিয়াহুর হাত ছিল বলে মনে করা হয়। নেতানিয়াহু প্রতিবারই পরমাণু ইস্যুতে মিথ্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক সমাজকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করেন। কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হন।

২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের তিক্ত অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রীর মিথ্যাচারিতায় প্রভাবিত হয়ে কিভাবে হাজার হাজার ইরাকিকে হত্যায় বিভিন্ন রকমের অস্ত্র ব্যবহার করা হয়েছে। মারণাস্ত্র থাকার মিথ্যা অজুহাতে নেতানিয়াহু ইরাকে হামলা চালাতে আমেরিকাকে উস্কানি দিয়েছিলেন। ইরাকে মার্কিন হামলার পর প্রমাণিত হয়েছে সেখানে কোনো মারণাস্ত্র ছিল না এবং এ মিথ্যা অজুহাতে কেবল হাজার হাজার নিরীহ ইরাকিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া, দেশটির বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এখনো ওই ভয়াবহ যুদ্ধের স্মৃতিচিহ্ন রয়ে গেছে।

বর্তমানে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রবেশ করায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারো সুযোগ পেয়ে গেছেন। কিন্তু তিনি এ জন্য চিন্তিত যে ইরানের ব্যাপারে তার ও বি-টিমের অন্য সদস্য দেশের জন্য অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ কারণে হতাশ ইসরাইলের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে মিথ্যাচার করে আন্তর্জাতিক সমাজকে ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন। অথচ মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরাইলের হাতে রয়েছে শতাধিক পরমাণু অস্ত্র। এমনকি তারা এ ব্যাপারে আন্তর্জাতিক কোনো সংস্থার কাছে জবাবদিহিতাও করছে না। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতরাতে টুইটবার্তায় বলেছেন, নাকাব মরুভূমিতে ইসরাইলের গোপন পরমাণু অস্ত্র তৈরির কারখানা রয়েছে।

যাইহোক, পর্যবেক্ষকরা বলছেন, ইসরাইল নিজের পরমাণু অস্ত্র কর্মসূচিকে আড়াল করার জন্যই ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। #       

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০