আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ বেআইনি ও মানবতাবিরোধী: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শক্তিশালী করার যে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি জারিফ বুধবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলেছেন, আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ সম্পূর্ণ ‘বেআইনি ও মানবতা বিরোধী।’
জারিফ লিখেছেন, মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। তিনি বলেন, “যুদ্ধ ও সন্ত্রাসবাদ বন্ধ করুন।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শক্তিশালী করার নির্দেশ দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী জারিফ এ মন্তব্য করলেন।
ট্রাম্প গতকাল (বুধবার) তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, “আমি অর্থমন্ত্রী স্টিভ মানুচিনকে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে উল্লেখযোগ্য মাত্রায় কঠোর করার নির্দেশ দিয়েছি।” মার্কিন প্রেসিডেন্ট ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরানের বিরুদ্ধে কথিত ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি গ্রহণ করেছেন।
ট্রাম্প দাবি করছেন, তিনি ইরানের সঙ্গে একটি নয়া পরমাণু চুক্তি সই করতে চান যেখানে আমেরিকার সব দাবিদাওয়া মেনে নেয়া হবে। এ লক্ষ্যে ট্রাম্প এ পর্যন্ত অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন।
কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি এক ভাষণে বলেছেন, তার দেশের ওপর যতদিন আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি কার্যকর থাকবে ততদিন ওয়াশিংটনের সঙ্গে প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী- কোনো লেভেলেই আলোচনা হবে না।#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।