আমেরিকার সঙ্গে বন্দি বিনিময়ের আলোচনা হতে পারে: ইরানের মুখপাত্র
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকার সঙ্গে বন্দিবিনিময়ের ব্যাপারে আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি শুক্রবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, “পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ যেমনটি ঘোষণা করেছেন, ইরান বন্দি বিনিময়ের ব্যাপারে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। ”
তবে এ আলোচনায় অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
মুসাভি এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া ও আমেরিকার কারাগারে আটক থাকা একজন ইরানি নারীকে মুক্তির প্রচেষ্টার কথা উল্লেখ করেন। গত মঙ্গলবার আমেরিকার একটি ফেডারেল আদালত ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ইরানি নারী ‘নেগার কুদসকানি’কে ২৭ মাসের কারাদণ্ড দেয়।
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা ইলেকট্রনিক্স সামগ্রী আমদানির চেষ্টা করার দায়ে ২০১৭ সালের গোড়ার দিকে অস্ট্রেলিয়ার পুলিশ কুদসকানিকে দেশটি থেকে আটক করে এবং পরে আমেরিকার কাছে হস্তান্তর করে।এরইমধ্যে ওই ইরানি নারীর ২৭ মাসের কারাদণ্ড ভোগ করা হয়ে গেছে বলে তাকে মুক্তি দেয়ারও নির্দেশ দিয়েছে মার্কিন ফেডারেল আদালত।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কুদসকানিকে ভিত্তিহীন অভিযোগে প্রায় তিন বছর আগে ‘মার্কিন অনুরোধে’ আটক করে অস্ট্রেলিয়া এবং তাকে অত্যন্ত অমানবিক অবস্থায় কারাগারে ফেলে রাখা হয়। এরপর আইন লঙ্ঘন করে তাকে আমেরিকার কাছে হস্তান্তর করা হয়।
মুসাভি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা লঙ্ঘনের অজুহাতে যেসব ইরানি নাগরিককে আটক করা হয়েছে তাদেরকে মার্কিন কারাগার থেকে মুক্ত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।