তৃতীয় শ্রেণীর প্রপাগান্ডার জন্য পম্পেওর সমালোচনা করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
-
জাওয়াদ জারিফ (বামে) ও মাইক পম্পেও
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর প্রোপাগান্ডা চালাচ্ছেন এবং এই প্রোপাগান্ডা করোনাভাইরাসের মতো প্রাণঘাতী মহামারীর মধ্যেও অব্যাহত রয়েছে। ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর জন্য জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।
জারিফ বলেন, করোনাভাইরাসের মতো মহামারীও মাইক পম্পেও’র তৃতীয় শ্রেণীর প্রোপাগান্ডা চালানো থামাতে পারে নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (বুধবার) দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সরকার দেশটিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিতে পারে নি। এরপর মোহাম্মদ জাওয়াদ জারিফ টুইটার বার্তায় পম্পেওর বিরুদ্ধে কঠোর সমালোচনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, মাইক পম্পেওর এই প্রোপাগান্ডা মার্কিন সরকারের যুদ্ধকামী নীতি এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদ থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে পারবে না। জারিফ আরো বলেন, মার্কিন সরকারের যুদ্ধের কারণে বেসামরিক নিরীহ মানুষ নিহত হচ্ছে এবং করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াই ক্ষতিগ্রস্ত হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/২৬