মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ নষ্ট করছে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i79616-মার্কিন_নিষেধাজ্ঞা_আন্তর্জাতিক_সহযোগিতার_পরিবেশ_নষ্ট_করছে_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিগুলোর বিরুদ্ধে সামরিক হুমকি কিংবা অর্থনৈতিক সংকট চাপিয়ে না দিয়ে বরং অভিন্ন হুমকি ও সত্যিকারের সংকট মোকাবেলার জন্য দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের কন্টাক্ট গ্রুপের এক ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ০৫, ২০২০ ১৭:২৩ Asia/Dhaka

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিগুলোর বিরুদ্ধে সামরিক হুমকি কিংবা অর্থনৈতিক সংকট চাপিয়ে না দিয়ে বরং অভিন্ন হুমকি ও সত্যিকারের সংকট মোকাবেলার জন্য দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের কন্টাক্ট গ্রুপের এক ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান।

প্রেসিডেন্ট রুহানি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের সব দেশের মধ্যে সহযোগিতার আহ্বান জানান। আমেরিকার মানবতা বিরোধী পদক্ষেপের কারণে করোনা চিকিৎসায় ইরানকে বেগ পেতে হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, একতরফা ও বেআইনি কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আমেরিকা শুধু যে ইরানের জনগণকে কষ্ট দিচ্ছে তাই নয় একইসঙ্গে বহুপক্ষীয়  ও আন্তর্জাতিক সহযোগিতার পথেও হুমকি সৃষ্টি করেছে।

করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং তা অভিন্ন সংকট ও হুমকিতে পরিণত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে এবং এ পর্যন্ত প্রাণ হারিয়েছে আড়াই লাখের বেশি মানুষ। এ ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক ব্যবস্থা ধসে পড়ার উপক্রম হয়েছে এবং মানুষের জীবন কঠিন বিপদের মধ্যে। আমেরিকায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা থেকে বোঝা যায় ওয়াশিংটন আন্তর্জাতিক সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবতে পারে না। কারণ ভাইরাসের বিস্তার যদি অব্যাহত থাকে তাহলে এর ধ্বংসাত্মক পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউই বলতে পারে না।

এরইমধ্যে বহু দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে এবং যেসব উন্নয়নশীল দেশ সরাসরি বিদেশী পুঁজি বিনিয়োগের ওপর নির্ভরশীল চলতি বছর ও আগামী বছর সেই বিনিয়োগের পরিমাণ পাঁচ থেকে ১৫ শতাংশে নেমে আসবে। সব দেশই বিপদের মধ্যে আছে। এ অবস্থায় করোনাকে পুঁজি করে আমেরিকার অনৈতিক আচরণ বিশ্বে আরো বড় ধরনের সংকটের জন্ম দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, এতে করে করোনার মতো অভিন্ন সংকট মোকাবেলার কার্যক্রমে স্থবিরতা নেমে আসবে। প্রেসিডেন্ট রুহানি বলেছেন, তড়িঘড়ি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া অর্থ সাহায্য বন্ধ করে করে দিয়ে মার্কিন সরকার আরেকটি কৌশলগত ভুল করেছে।

ওয়াশিংটনের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরিন হান্তের বলেছেন, ‘আরো কিছু সময় পার হলে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ধ্বংসাত্মক প্রভাবের বিষয়টি স্পষ্ট হবে। ক্ষতির পরিমাণ কেমন হবে তা নির্ভর করবে বর্তমান পরিস্থিতিতে বিশ্বের দেশগুলোর আচরণের ওপর’।

যাইহোক, এতে কোনো সন্দেহ নেই যে, জোট নিরপেক্ষ আন্দোলন অনেক বড় একটি আন্তর্জাতিক জোট এবং বর্তমান পরিস্থিতিতে এ সংস্থারও দায়িত্ব রয়েছে।  তাই এ জোটের সদস্য হিসেবে ইরানের প্রেসিডেন্ট করোনা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫