যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে ইরানের প্রেসিডেন্টের নির্দেশ
-
মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করার নির্দেশ দিয়েছেন। ইরানের ফার্স ও তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজ (সোমবার) এই আলোচনা শুরু করতে সবুজ সংকেত দিয়েছেন। তবে এই বৈঠক কখন এবং কোথায় হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
গত বছর জুন মাসে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা হচ্ছিল, তা ভেস্তে যায়। কারণ তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যোগ দেয়, এমনকি ইরানের পরমাণু স্থাপনাগুলোতেও হামলা হয়।
এদিকে, বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আবার বৈঠকে বসতে পারেন। আগের দফার মতো এবারও ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় নেতৃত্ব দিতে পারেন।
খবরটিতে আরও বলা হয়েছে, তুরস্ক, কাতার ও মিশর এই আলোচনা আয়োজন করার জন্য চেষ্টা করছে, যাতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন কোনো সামরিক হামলা ঠেকানো যায়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এই আলোচনায় ভূমিকা রাখতে পারেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ছয় জাতিগোষ্ঠীর সাথে সই হওয়া চুক্তি অনুসারে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করার বিনিময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইউরোপীয় দেশগুলো তাদের অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়। এর পর ইরানও ধীরে ধীরে তার প্রতিশ্রুতি থেকে সরে আসে।
সম্প্রতি এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের কর্মকর্তারা তাদের সঙ্গে "গুরুত্বের সঙ্গে কথা বলছেন" এবং আশা করা যায় যে, শীঘ্রই একটি চুক্তি হবে।#
পার্সটুডে/এমএআর/২