ভারতে মসজিদে উগ্র হিন্দুত্ববাদী নেতার হনুমান চালিশা পাঠের ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i163528-ভারতে_মসজিদে_উগ্র_হিন্দুত্ববাদী_নেতার_হনুমান_চালিশা_পাঠের_ঘোষণা
পার্সটুডে- উত্তরপ্রদেশের মিরাটের কেসরগঞ্জ মান্ডি এলাকার একটি মসজিদের কাছে মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করার ঘোষণা দিয়ে একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মসজিদটির চারপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
(last modified 2026-09-29T14:08:04+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ২০:০৪ Asia/Dhaka
  • ভারতে মসজিদে উগ্র হিন্দুত্ববাদী নেতার হনুমান চালিশা পাঠের ঘোষণা
    ভারতে মসজিদে উগ্র হিন্দুত্ববাদী নেতার হনুমান চালিশা পাঠের ঘোষণা

পার্সটুডে- উত্তরপ্রদেশের মিরাটের কেসরগঞ্জ মান্ডি এলাকার একটি মসজিদের কাছে মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করার ঘোষণা দিয়ে একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মসজিদটির চারপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মসজিদের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে একটি হিন্দুত্ববাদী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পিঙ্কি চৌধুরীকে ওই মসজিদের কাছে গিয়ে হনুমান চালিশা পাঠ করার ঘোষণা দিতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই পুলিশ সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ায় এবং বিষয়টির ওপর নজর রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পর্যবেক্ষণ শুরু করে।

মিরাটের পুলিশ সুপার (সিটি) বিনায়ক গোপাল ভোসলে জানান, মসজিদের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা করাই আমাদের মূল অগ্রাধিকার। কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।"

এ বিষয়ে বাসিন্দা ও সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত গুজব ও ভিত্তিহীন তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

ভিডিওটির বিষয়টি সামনে আসার পর মসজিদটির মুতাওয়াল্লি জুবায়ের ঊর্ধ্বতন পুলিশ সুপার (এসএসপি)-এর কার্যালয়ে গিয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। তিনি এই ঘটনার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং স্থানীয় পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।