‘আমেরিকা ক্যারিবিয়ান সাগরে সমস্যা সৃষ্টি করলে ফল ভালো হবে না’
https://parstoday.ir/bn/news/iran-i79982-আমেরিকা_ক্যারিবিয়ান_সাগরে_সমস্যা_সৃষ্টি_করলে_ফল_ভালো_হবে_না’
আমেরিকা ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের গতিপথ রোধ করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল (রোববার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ১৮, ২০২০ ০৫:৩৯ Asia/Dhaka
  • ‘আমেরিকা ক্যারিবিয়ান সাগরে সমস্যা সৃষ্টি করলে ফল ভালো হবে না’

আমেরিকা ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের গতিপথ রোধ করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল (রোববার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

চিঠিতে জারিফ বলেছেন, ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে আমেরিকা ক্যারিবিয়ান সাগরে নৌবাহিনী পাঠিয়েছে। তিনি বলেন, ইরানি তেল ট্যাংকারের গতিরোধ করে দেয়ার যে হুমকি মার্কিন কর্মকর্তারা দিয়েছেন তা বেআইনি, বিপজ্জনক ও উসকানিমূলক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ কাজ জলদস্যুতা ছাড়া আর কিছু নয় যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের বিপদ সৃষ্টি করবে।

চিঠিতে সই করছেন জারিফ (ফাইল ছবি)

গুতেরেসকে লেখা চিঠিতে জারিফ আরো বলেন, আমেরিকাকে বলদর্পিতা পরিহার করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে হবে এবং আন্তর্জাতিক পানিসীমায় নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে দিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট ভাষায় তার চিঠিতে বলেছেন, আমেরিকা যে হুমকি সৃষ্টি করতে চাচ্ছে তার মোকাবিলায় ইরান উপযুক্ত ব্যবস্থা নেবে এবং এর যেকোনো পরিণতির দায় আমেরিকাকে নিতে হবে।

এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে একই রকম সতর্ক করে দিয়েছেন। তিনি ইরানের সতর্কবার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয়ার জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন। আমেরিকার সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক না থাকায় তেহরানস্থ সুইস দূতাবাস ইরানে আমেরিকার স্বার্থ দেখাশুনা করে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।