মার্কিন জলদস্যুদের হাতে লুট হওয়া তেল ইরানের নয়: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i82298-মার্কিন_জলদস্যুদের_হাতে_লুট_হওয়া_তেল_ইরানের_নয়_জারিফ
ইরান বলেছে, আমেরিকা ইরানের বিরুদ্ধে নোংরা প্রচারণা চালিয়ে জাতিসংঘে নিজের অবমাননামূলক কূটনৈতিক পরাজয়ের গ্লানি ধামাচাপা দিতে পারবে না। মার্কিন সরকার ইরানের কথিত তেল ট্যাংকার আটকের যে ভুয়া খবর প্রচার করেছে তার প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০২০ ০১:২১ Asia/Dhaka
  • \'ইচ্ছে করেছে\' তাই গভীর সমুদ্র থেকে চারটি অজ্ঞাত তেল ট্যাংকার আটক করে আমেরিকায় নিয়ে গেছে মার্কিন সেনারা
    \'ইচ্ছে করেছে\' তাই গভীর সমুদ্র থেকে চারটি অজ্ঞাত তেল ট্যাংকার আটক করে আমেরিকায় নিয়ে গেছে মার্কিন সেনারা

ইরান বলেছে, আমেরিকা ইরানের বিরুদ্ধে নোংরা প্রচারণা চালিয়ে জাতিসংঘে নিজের অবমাননামূলক কূটনৈতিক পরাজয়ের গ্লানি ধামাচাপা দিতে পারবে না। মার্কিন সরকার ইরানের কথিত তেল ট্যাংকার আটকের যে ভুয়া খবর প্রচার করেছে তার প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাব পাস করতে চরমভাবে ব্যর্থ হওয়ার একই দিন মার্কিন সরকার একথা প্রচার করে যে, দেশটি ভেনিজুয়েলাগামী চারটি ইরানি তেল ট্যাংকার আটক করেছে।  

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শনিবার এক টুইটার বার্তায় বলেন, “ক্যারিবিয়ান সাগরের জলদস্যুরা নিজেদের জন্য আদালত ও বিচারক নিয়োগ দিয়েছে। মার্কিন জলদস্যুরা যে চারটি তেল ট্যাংকার ডাকাতি করে নিয়ে গেছে তার কোনোটির মালিকানাই ইরানের নয়।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

আমেরিকা চারটি ইরানি তেল ট্যাংকার আটক করেছে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি দাবি করার পর ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাত সুলতানি ওই দাবিকে ‘সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত আরেকটি মিথ্যা পণ্য’ বলে অভিহিত করেন। এ ছাড়া, প্রেসিডেন্ট হাসান রুহানিও মার্কিন গণমাধ্যমে ইরানি তেল ট্যাংকার আটকের ভুয়া খবর প্রচারকে ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।