আরেকটি যুদ্ধের ভার বহনের ক্ষমতা নেই এ অঞ্চলের: আজারবাইজান ও আর্মেনিয়াকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i83435-আরেকটি_যুদ্ধের_ভার_বহনের_ক্ষমতা_নেই_এ_অঞ্চলের_আজারবাইজান_ও_আর্মেনিয়াকে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, নতুন করে এ অঞ্চলের আরেকটি যুদ্ধের ভার বহন করার ক্ষমতা নেই। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে গতকাল থেকে নতুন করে সামরিক সংঘাত শুরুর প্রেক্ষাপটে তেহরান এ বক্তব্য দিল।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৮:২৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, নতুন করে এ অঞ্চলের আরেকটি যুদ্ধের ভার বহন করার ক্ষমতা নেই। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে গতকাল থেকে নতুন করে সামরিক সংঘাত শুরুর প্রেক্ষাপটে তেহরান এ বক্তব্য দিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ আজ (সোমবার) বলেন, “আমাদের সীমান্তে অব্যাহত সামরিক সংঘাত আমরা সহ্য করতে পারি না। এ অঞ্চলকে শান্ত রাখার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”

আজ দ্বিতীয় দিনের মতো আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বহু মানুষ নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, সংঘাতে আর্মেনিয়ার তরফে ২০০ মানুষ আহত হয়েছেন। এছাড়া, আর্মেনিয়া সমর্থিত গেরিলা গোষ্ঠী ঘোষণা করেছে যে ,রাতভর সংঘর্ষ তাদের ১৬ জন যোদ্ধা নিহত এবং ১০০ জন আহত হয়েছে।

ইরানের উত্তর-পশ্চিম সীমান্তে খোদা-আফারিন অঞ্চলের একটি বাড়ির কাছে দুটি রকেট এসে পড়ে। এসব ঘটনা ওই এলাকার ইরানি জনগণের মধ্যে এক রকমের উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে।

এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আংশিক সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সংঘাতময় এ পরিস্থিতিতে তেহরান দুই দেশকে যত দ্রুত সম্ভব সেনা সরিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, সামরিক সমাধান স্থায়ী কোনো সমাধান দিতে পারে না। সেই সঙ্গে এ সংঘাতে দুঃখজনকভাবে বেসামরিক জনগণই প্রধান লক্ষ্যবস্তু।

রাশিয়া, ফ্রান্স এবং আমেরিকার নেতৃত্বে যে মিনস্ক গ্রুপ রয়েছে তাদের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাত শুরু হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৮