আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করার নিন্দা জানায় ইরান: মুখপাত্র
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
সাগরে জাহাজ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে গতকাল (বুধবার) তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিন্দা জানান।
গত সপ্তাহে লোহিত সাগরে একটি তেল ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার ঘটনার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার প্রয়োজনীয়তার যে কথা ইরান বহুদিন ধরে বলে আসছে তেল ট্যাংকারে আগুন লাগার ঘটনায় সেকথা আবারো প্রমাণিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য তিনি সাগরে চলাচলকারী জাহাজের নিরাপত্তা রক্ষা করা, জলদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিষিদ্ধ পণ্যের বাণিজ্য প্রতিহত করার জন্য এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানান।
ব্রিটেনের সাগর নিরাপত্তা বিষয়ক কোম্পানি ‘আম্বারি’ গত বুধবার (৯ ডিসেম্বর) ঘোষণা করে, সৌদি আরবের আশ-শাফিক বন্দরে মাইনের সঙ্গে ধাক্কা লেগে গ্রিসের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে আগুন লেগে যায়। লোহিত সাগরের ওই বন্দরের এই ঘটনায় জাহাজ থেকে সময়মতো নেমে যেতে সক্ষম হওয়ায় জাহাজটির ২২ নাবিকের সবাই প্রাণে রক্ষা পান। ইরান বলছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি।#
পার্সটুডে/এমএমআই/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।