ইরানে করোনার প্রথম টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রীর ছেলে
https://parstoday.ir/bn/news/iran-i87100-ইরানে_করোনার_প্রথম_টিকা_নিলেন_স্বাস্থ্যমন্ত্রীর_ছেলে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের সমস্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছেন। যাতে করোনাভাইরাসের টিকা গ্রহণের ব্যাপারে জনসাধারণের মধ্যে আস্থা তৈরি হয় সেই জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ বিষয়ে পথিকৃত হতে চান।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১৭:০৯ Asia/Dhaka
  • ইরানে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু
    ইরানে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের সমস্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছেন। যাতে করোনাভাইরাসের টিকা গ্রহণের ব্যাপারে জনসাধারণের মধ্যে আস্থা তৈরি হয় সেই জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ বিষয়ে পথিকৃত হতে চান।

 প্রেসিডেন্ট রুহানি বলেন, জনগণকে এ নিয়ে আস্থা রাখতে হবে যে, দেশে যদি কোনো ভ্যাকসিন আমদানি করা হয় তাহলে অবশ্যই তা বিশ্বাসযোগ্য এবং সমস্ত কর্মকর্তা-কর্মচারী তার প্রতি আস্থা রাখেন। আজ (মঙ্গলবার) সকালে রাজধানী তেহরানে করোনাভাইরাসের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। 

সম্প্রতি রাশিয়া থেকে ইরান করোনাভাইরাসের টিকা আমদানি করেছে এবং তা দিয়েই টিকাদান কর্মসূচি শুরু হলো। অবশ্য, ইরান করোনাভাইরাসের টিকা তৈরি করেছে এবং তা এখন মানবদেহে ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে।  

প্রেসিডেন্ট রুহানি

আজকে যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে তাতে ইরানের স্বাস্থ্য ও মেডিক্যাল শিক্ষা বিষয়ক মন্ত্রীর ছেলে সর্বপ্রথম টিকা নিয়েছেন।

গত ৪ ফেব্রুয়ারি রাশিয়া থেকে আমদানি করা কোভিড ভ্যাকসিন স্পুৎনিক ভি’র প্রথম চালান গ্রহণ করে। 

ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর আলোকোজ্জ্বল ১০ প্রভাতের মধ্যে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু করতে পারায় প্রেসিডেন্ট রুহানি বিশেষ সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রীর ছেলের টিকা গ্রহণ প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তার  প্রিয় সন্তান এই টিকা গ্রহণ করছেন তখন বুঝতে হবে এটি নিরাপদ। 

এ সময় তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ইরানের ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর নিরলস প্রচেষ্টার ব্যাপক প্রশংসা করেন। প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে এ পর্যন্ত ৫৮ হাজার মানুষ মারা গেছেন।#

পার্সটুডে/এসআইবি/৯