সিরিয়ায় মার্কিন বিমান হামলার নিন্দা করল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতরাতে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, ইহুদিবাদী ইসরাইল যেভাবে আরব দেশটিতে আগ্রাসন চালিয়ে আসছে, আমেরিকার পক্ষ থেকে চালানো হামলা প্রকৃতপক্ষে তারই ধারাবহিকতা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো গতকাল সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী প্রদেশ দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থকে এই বিবৃতি দেয়া হলো।
খাতিবজাদে বলেন, সিরিয়ার অবৈধ মার্কিন ঘাঁটি থেকে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে আমেরিকা। তিনি আরো বলেন, এমন একটা প্রেক্ষাপট আমেরিকা এই হামলা চালালো যখন সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন বাহিনী সিরিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ দখলদারিত্ব কায়েম করে রেখেছে এবং তেলসহ নানা রকম প্রাকৃতিক সম্পদ লুট করছে।
গতকাল মার্কিন বাহিনী ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির যোদ্ধাদের ওপর বিমান হামলা চালিয়েছে। অথচ সংগঠনটি দীর্ঘদিন ধরে ইরাকি সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করে আসছে। ইরাক সরকার এর স্বীকৃতিও দিয়েছে। ইহুদিবাদী ইসরাইল হাশ্দ আশ-শাবিকে শত্রু হিসেবে গণ্য করে এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্পও একই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন।#
পার্সটুডে/এসআইবি/২৭