আমেরিকা ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরলেই কেবল ভিয়েনায় চুক্তি সম্ভব: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i93810-আমেরিকা_ট্রাম্পের_ব্যর্থ_নীতি_থেকে_সরলেই_কেবল_ভিয়েনায়_চুক্তি_সম্ভব_ইরান
ইরান বলেছে, মার্কিন সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি পরিহার করলেই কেবল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে ফল বের করে আনা সম্ভব।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ২৭, ২০২১ ১০:৩৯ Asia/Dhaka
  • ভিয়েনায় গত এপ্রিল থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপ চলছে
    ভিয়েনায় গত এপ্রিল থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপ চলছে

ইরান বলেছে, মার্কিন সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি পরিহার করলেই কেবল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে ফল বের করে আনা সম্ভব।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টুইটার বার্তায় এ ঘোষণা দিয়ে বলেছেন, ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দিতে চাইলেও ইরানের কারণে ওই সমঝোতা এখনও টিকে আছে। তিনি আরো বলেন, নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বলেই ইরান ভিয়েনা আলোচনায় সবচেয়ে বেশি প্রস্তাব উত্থাপন করেছে।

ইরান অনির্দিষ্টকালের জন্য ভিয়েনা আলোচনায় অংশ নেবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে।

ইরান বলছে, চুক্তি চাইলে বাইডেন প্রশাসনকে ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরে আসতে হবে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে বেআইনিভাবে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় এটির ৩৬ অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে।

এ পর্যন্ত ছয় দফা আলোচনা হলেও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। জুলাই মাসের মাঝামাঝি সপ্তম দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।