আমার দৃষ্টিতে রেডিও তেহরান
https://parstoday.ir/bn/news/letter-i96644-আমার_দৃষ্টিতে_রেডিও_তেহরান
আসসালামু আলাইকুম, আশা করি কুশলেই আছেন এবং কামনাও তাই। ৯০-এর দশকের মাঝামাঝি থেকে রেডিও তেহরানের সাথে আমার পথচলা। গণমাধ্যম হলেও সে আমার প্রকৃত বন্ধু। ঈমান, ইসলাম আর সহীহ আকিদার আলোকে ইসলামের বাণী প্রচারের মাধ্যমে আমাদের চিন্তার বিশুদ্ধকরণে একজন ‘দাঈ ইল্লাল্লাহু’র ভূমিকায় অবতীর্ণ হয়েছে এ বেতারটি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ৩০, ২০২১ ০৮:০৯ Asia/Dhaka
  • আমার দৃষ্টিতে রেডিও তেহরান

আসসালামু আলাইকুম, আশা করি কুশলেই আছেন এবং কামনাও তাই। ৯০-এর দশকের মাঝামাঝি থেকে রেডিও তেহরানের সাথে আমার পথচলা। গণমাধ্যম হলেও সে আমার প্রকৃত বন্ধু। ঈমান, ইসলাম আর সহীহ আকিদার আলোকে ইসলামের বাণী প্রচারের মাধ্যমে আমাদের চিন্তার বিশুদ্ধকরণে একজন ‘দাঈ ইল্লাল্লাহু’র ভূমিকায় অবতীর্ণ হয়েছে এ বেতারটি।

ভুলে ভরা আমাদের ব্যক্তিজীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে পথ হারা মানুষের পথের দিশারী হয়ে দীপ্তিমান আলো ছড়িয়ে যাচ্ছে। নিয়মিত অনুষ্ঠান শুনে মক্কা-মদীনার ‘সহীহ ইসলাম’ সম্পর্কে অবহিত হচ্ছি প্রতিনিয়ত।

বিশ্বের অনেক দেশ থেকেই বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা অনুষ্ঠান প্রচার করে থাকে। সেসব অনুষ্ঠানমূলত দুনিয়ামুখী। অধিকাংশ অনুষ্ঠান বাস্তবতাবিবর্জিত, সংবাদ পরিবেশন পক্ষপাতদুষ্ট ও আধিপত্যবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাই এই সব বেতার কেন্দ্র থেকে প্রচারিত সংবাদে সত্যের লেশ মাত্র থাকে না।

সে ক্ষেত্রে ব্যতিক্রম কেবল রেডিও তেহরান। আমি মনে করি ইরান ও রেডিও তেহরান দুইশ’ কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করে থাকে। আমার দৃষ্টিতে রেডিও তেহরান ভুলে ভরা সমাজকে পরিবর্তন করার জন্য, মানুষের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার রসদ হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যার প্রতিটি অনুষ্ঠানই সত্য সুন্দর ও বাস্তবতার আলোকে আখেরাতমুখী। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি নানান কল্যাণমুখী ও সুস্থ বিনোদনে ভরপুর প্রতিটি অনুষ্ঠানই যেন আমাদের চিন্তার জগতকে আলোকিত ও প্রসারিত করে যাচ্ছে।

শুধু গণমাধ্যম হিসেবে নয়, আমাদের দৃষ্টিতে হাদীসের বাণী অনুযায়ী- "তুমি যদি কুরআনের একটি আয়াতও জেনে থাকো তাহলে তা প্রচার করো।"

আমি মনে করি প্রচার মাধ্যম হিসেবে রেডিও তেহরান ইকামতের দায়িত্ব ঈমানের সাথেই পালন করে যাচ্ছে।

একজন প্রকৃত মুসলমানের নিকট দ্বীনি দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আজ আমরা মুসলমান হয়েছি দ্বীনি দাওয়াতেরই মাধ্যমে। প্রত্যেক নবী-রাসূলের কাজই ছিল দ্বীনি দাওয়াত দান। দাওয়াতের প্রচার ও প্রসারেই পথ হারা মানুষগুলো পথের দিশা পেয়ে থাকে। দাওয়াত মূলত নবী-রাসুলদের কাজ হলেও তাদের অবর্তমানে এই ঈমানী দায়িত্ব পড়েছে প্রত্যক উম্মতে মুহাম্মদীর ওপরে। সুতরাং আমি মনে করি রেডিও তেহরান নীরবে নিভৃতে ভালোভাবেই ঐশী দায়িত্ব পালনের মাধ্যমে দাওয়াতের সিলসিলা টিকিয়ে রেখেছে।

শ্রোতাবান্ধব অনুষ্ঠান প্রচারের পাশাপাশি শ্রোতাদের মূল্যায়ন করা রেডিও তেহরানের ব্যতিক্রমী বৈশিষ্ট্য বলে আমি মনে করি। প্রতি মাসে শ্রোতাদের জন্য কুইজ আয়োজনের মাধ্যমে প্রতিভা ও জ্ঞানের ভাণ্ডারকে বিকশিত করার মাধ্যমে আমাদের চিন্তার জগৎকে আরো ধারালো ও শাণিত করছে। তাছাড়া বিশেষ বিশেষ দিবস উপলক্ষে সময় উপযোগীও বাস্তবধর্মী অনুষ্ঠান অকৃত্রিমভাবে উপহার দিয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে রেডিও তেহরানে চলছে শ্রোতাদের জাগরণ।

প্রতিযোগিতামুলক বিশ্বে সর্বক্ষেত্রে চলছে সময়ের নিয়মানুবর্তিতা। প্রতিটি মানুষের সময় ও সুযোগ সীমিত কিন্তু নানান সীমাবদ্ধতা চলছে। তাই কর্মচঞ্চল জীবনে নির্ধারিত সময় বের করে ইচ্ছে থাকা সত্ত্বেও পছন্দমত অনুষ্ঠান শোনা সম্ভবপর নয়। কর্মব্যস্ত শ্রোতাদের কথা চিন্তা করে বাস্তবতার আলোকে রেডিও তেহরান প্রযুক্তিনির্ভর অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে যা আমার মতো কর্মব্যস্ত শ্রোতারা ও যেকোনো মুহূর্তে ইচ্ছে করলেই অনুষ্ঠান শুনে নিতে পারে। রেকর্ড ও ডাউনলোডের সুবিধা থাকায় সহজেই ‘শ্রোতাবান্ধব’ বেতার হিসেবে রেডিও তেহরান সকল দেশ-বিদেশের ডি-এক্সাদের মন জয় করতে পেরেছে বলেই একজন ক্ষুদ্র শ্রোতা হিসেবে আমি মনে করি। তাছাড়া আলহামদুলিল্লাহ আমি রেডিও তেহরানকে জীবন চলার পথের একজন সঠিক দিকনির্দেশক হিসেবে পেয়ে ভুলে ভরা জীবনকে কুরআনের রঙে রঞ্জিত ও পরিশোধিত করার একজন শিক্ষকের সাহচর্য পেয়ে আমি ধন্য।

উপসংহারে এসে বলব- আমাদের ক্ষণিকের জীবনে রেডিও তেহরানকে সঙ্গী হিসেবে গ্রহণ করলে আমরা কখনো আল্লাহর রহমতে পথভ্রষ্ট হব না- ইনশাআল্লাহ।

আমাদের মজবুত ঈমান, পরিপূর্ণ আমল আর সহীহ আকিদা কুরআনের আলো অনুষ্ঠান থেকে যা পেয়ে থাকি তা যদি রংধনু আসরের মতো ইনসাফভিত্তিক সমাজ বির্নিমাণে যার যার অবস্থান থেকে এগিয়ে আসি তাহলেই রেডিও তেহরানের প্রতিটি কলাকুশলীর দেওয়া সময় শ্রম ও মেধা সার্থক হবে বলেই আমার বিশ্বাস।

 

শাহজালাল হাজারী

কুয়েত সিটি, কুয়েত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।