ইসরাইলি পুলিশের গুলিতে শহীদ হলেন এক ফিলিস্তিনি নারী
মে ২৩, ২০১৬ ২১:০৫ Asia/Dhaka
একজন সংগ্রামী ফিলিস্তিনি নারী এক দখলদার ইহুদিবাদী ইসরাইলি পুলিশকে ছুরিকাঘাত করার চেষ্টার সময় পুলিশের গুলিতে শাহাদত বরণ করেছেন।
আজ সোমবার উত্তর বায়তুল মুকাদ্দাস শহরের বিদ্দু চেক-পয়েন্টে এই ঘটনা ঘটেছে বলে দখলদার পুলিশ জানিয়েছে। এই ঘটনায় দখলদার ইসরাইলি পুলিশের কেউ আহত হয়নি।
পুলিশ ওই সংগ্রামী নারীকে সতর্ক করার জন্য প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু তারপরও ওই সংগ্রামী ফিলিস্তিনি নারী ইসরাইলি পুলিশের দিকে একটি ছুরি নিয়ে এগিয়ে আসতে থাকলে পুলিশ তার ওপর গুলি চালাতে বাধ্য হয় বলে দাবি করেছে।
ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইসরাইলি সেনা ও দখলদারদের নানা ধরনের নির্যাতন, হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের মুখে গত বছরের অক্টোবর মাস থেকে অসহায় ফিলিস্তিনিদের অনেকেই ইসরাইলি সেনা ও পুলিশের ওপর ছুরি-হামলা চালানোর চেষ্টা করছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের হামলার সংখ্যা কমে এসেছে।
ইসরাইলি সেনারা কথিত ছুরি-হামলা ঠেকানোর অজুহাতে অনেক ফিলিস্তিনি নারী, শিশু ও যুবক এবং কিশোর-কিশোরীকে হত্যা করেছে। #
পার্সটুডে/মু. আ. হুসাইন/২৩