‘হাসপাতালে হামলা চালাতে অজুহাত তৈরি করছে ইসরাইল’
হাসপাতালের নীচে কমান্ড সেন্টার স্থাপনের ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করল হামাস
-
গাজার আবাসিক এলাকায় ইসরাইলি হামলা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ভয়াবহ ইসরাইলি হামলার শিকার গাজা উপত্যকার হাসপাতালগুলোকে সামরিক কাজে ব্যবহার করছে বলে তেল আবিব যে অভিযোগ করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে এই স্বাধীনতাকামী আন্দোলন।
হামাসের রাজনৈতিক নেতা ইজ্জাত আর-রেশিক বলেছেন, গাজার আশ-শিফা হাসপাতালকে ভূগর্ভস্থ সামরিক অবকাঠামোর ঢাল হিসেবে ব্যবহার করার যে অভিযাগ করা হয়েছে তা হামাস তীব্র ভাষায় প্রত্যাখ্যান করছে কারণ এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি গতকাল (শুক্রবার) অভিযোগ করেছিলেন, হামাস গাজার হাসপাতালগুলোকে তাদের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এবং সামরিক কমান্ডারদের আস্তানায় পরিণত করেছে। হামাস সামরিক কাজে ব্যবহার করার জন্য হাসপাতালগুলোতে মজুদ জ্বালানী ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন।
১,৫০০ শয্যাবিশিষ্ট আশ-শিফা হাসপাতাল গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র। এখানে বর্তমানে কয়েক হাজার আহত মানুষের চিকিৎসা সেবা চলছে। পাশাপাশি আরো হাজার হাজার মানুষ বিশেষ করে নারী ও শিশু ইসরাইলের নিরবচ্ছিন্ন বিমান হামলা থেকে প্রাণে বাঁচতে হাসপাতালটিতে আশ্রয় নিয়েছেন।
হামাস নেতা আর-রেশিক সতর্ক করে দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল হামাসকে অভিযুক্ত করার জন্য এমন একটি হাসপাতালের নাম জড়িয়েছে যেখানে হাজার হাজার আহত মানুষের চিকিৎসার পাশাপাশি প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ প্রাণভয়ে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, গাজার হাসপাতালগুলোতে নির্বিচারে বিমান হামলা চালানোর অজুহাত সৃষ্টি করার জন্য এ অভিযোগ তোলা হয়েছে।
এছাড়া, গাজার সরকারি গণমাধ্যম দফতরের প্রধান সালামা মারুফ শুক্রবার রাতে আশ-শিফা হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, ওই হাসপাতালের নীচে কোনো ভূগর্ভস্থ টানেল থাকার কোনো প্রমাণ নেই। হামাস হাসপাতালের জ্বালানী জোর করে ব্যবহার করছে বলে যে অভিযোগ করা হয়েছে তাও তিনি পত্রপাঠ নাকচ করে দেন। #
পার্সটুডে/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।