দায়েশ সন্ত্রাসীদেরকে কঠিন শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ সিস্তানি
ইরাকের প্রভাবশালী আলেম গ্রান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি দেশটির হিল্লাহ শহরের কাছে সাম্প্রতিক পাশবিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে হামলায় জড়িত তাকফিরি দায়েশ সন্ত্রাসীদেরকে যুদ্ধক্ষেত্রে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ।
হামলার পরের দিন গতকাল (শুক্রবার) আয়াতুল্লাহ সিস্তানির দেয়া মন্তব্যের বরাত দিয়ে তাঁর প্রতিনিধি আয়াতুল্লাহ আহমাদ আল-সফি এ কথা জানিয়েছেন।
ইরাকের বাবেল প্রদেশের হিল্লা শহরের কাছে শোমালি গ্রামের একটি গ্যাস পাম্পে গাড়িবোমা হামলায় প্রায় একশ' জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৪ জন ইরানি জিয়ারতকারী রয়েছেন। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল হামলার দায় স্বীকার করেছে। এদিকে, ইরাকে দায়েশের সর্বশেষ বড় ঘাঁটি মসুল শহর মুক্ত করার জন্য গত ১৭ অক্টোবর থেকে বিশাল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে শিয়া ও সুন্নী স্বেচ্ছাসেবী যোদ্ধাদের পাশাপাশি কুর্দি পেশমার্গা বাহিনী অংশ নিয়েছে।
বিশ্বনবী (সা.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর অনুষ্ঠান শেষে পবিত্র শহর কারবালা থেকে ফেরার পথে জিয়ারতকরীরা হামলার শিকার হয়েছে।
আয়াতুল্লাহ সিস্তানি বলেন, কারবালায় আরবাঈনের শোকানুষ্ঠানে হামলা চালাতে ব্যার্থ হয়ে সন্ত্রাসীরা শহরটির বাহিরে একটি গ্যাস স্টেশনে হামলা চালিয়েছে। তিনি বলেন, এ ধরণের পাশবিক হামলা চালিয়ে ইমাম হুসেইন (আ)'র প্রেমিকদের সংখ্যা কমাতে পারবে না। বরং যুদ্ধক্ষেত্রে তাদের এ পাশবিক কর্মকাণ্ডের জন্য চরম মূল দিতে হবে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬