সিরিয়ায় মার্কিন সেনা: পরস্পবিরোধী বক্তব্য দিচ্ছে আমেরিকা
-
সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা (ফাইল ছবি)
সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখা সম্পর্কে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন আমেরিকার সিনিয়র কর্মকর্তারা। একজন কর্মকর্তা বলছেন, সিরিয়ায় সেনা মোতায়েন রাখা হবে আবার অন্যজন বলছেন, দীর্ঘ সময়ের জন্য সেনা মোতায়েন রাখার পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই।
হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স রোববার এক বিবৃতিতে বলেছেন, “আমেরিকার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে মার্কিন সেনা দেশে ফিরিয়ে আনা হবে।”
স্যান্ডার্স বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে মিত্র দেশগুলো সামরিক ও অর্থনৈতিকভাবে আরো বেশি দায়িত্ব গ্রহণ করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে।
স্যান্ডার্স দৃশ্যত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ তথ্য জানান যেখানে ম্যাকরন বলেছিলেন, তিনি সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করিয়েছেন।
এদিকে, স্যান্ডার্সের বক্তব্যের উল্টো কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি রোববার বলেছেন, সিরিয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে না।
তিনি বলেন, “আমরা আইএসআইএসকে সম্পূর্ণ ধ্বংস করতে বদ্ধপরিকর। সেইসঙ্গে আমরা এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাই যার ফলে আবার এই গোষ্ঠী ফিরে আসতে না পারে। পাশাপাশি আমরা চাই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠায় সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে মিত্র দেশগুলো আরো বেশি দায়িত্বশীল হোক।”#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬