সিরিয়ায় বড় মাপের সন্ত্রাসী কমান্ডার নিহত
-
আবু হিশাম খাবুরি
সিরিয়ার সামরিক বাহিনীর অভিযানে উঁচু পর্যায়ের একজন দায়েশ সন্ত্রাসী কমান্ডার নিহত হয়েছে। এছাড়া, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিফ দিমাস্ক প্রদেশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে সামরিক বাহিনী অভিযান চালালে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বড় রকম ক্ষতির মুখে পড়ে।
সিরিয়ার জয়েন্ট অপারেশন্স কমান্ড আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, বিমান বাহিনী হাজার আল-আসওয়াদ শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও জাবহাত ফতেহ আশ-শাম বা সাবেক আন-নুসরা ফ্রন্টের অবস্থানে বোমাবর্ষণ করে।
এদিকে, রাজধানী দামেস্ক থেকে আট কিলোমিটার দূরে ইয়ারমুক শরণার্থী শিবিরের কাছে দায়েশ অবস্থানে সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ও কামানের গোলাবর্ষণ করলে আবু হিশাম খাবুরি ও তার ঘনিষ্ঠ সহচর আবু আলী নাফশা মারা যায়। আবু হিশাম খাবুরি দায়েশের অর্থ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিল।
এছাড়া, ২০১৬ সালের আগস্ট মাসে রিফ দিমাস্কের গভর্নর নির্বাচিত হয় খাবুরি। তার আগে আবু সাইয়াহ তাইয়ারাহ ওরফে ফারামাহ ও তার সহযোগী আবু মুজাহিদকে এ দায়িত্ব থেকে বরখাস্ত করে দায়েশ। সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রধান যে চার জন দায়েশের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত খাবুরিকে তাদের অন্যতম বলে মনে করা হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১