সংযুক্ত আরব আমিরাতের সামরিক প্রতিনিধিদলের ইসরাইল সফর!
-
মার্কিন লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-৩৫
ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনীর কাছে থাকা মার্কিন লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-৩৫ জঙ্গিবিমানের কর্মদক্ষতার ওপর আলোচনা করার জন্য সংযুক্ত আরব আমিরাত বা ইউএই সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড সফর করেছেন বলে খবর বের হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলের আই-২৪ নিউজ চ্যানেল গতকাল (বুধবার) জানিয়েছে, "এ সময় একজন আমেরিকান প্রতিনিধিও উপস্থিত ছিলেন,।" তবে বিস্তারিত কিছু বলে নি সংবাদ মাধ্যমটি।
এদিকে, ইউএই এখনো ইসরাইলে পরিদর্শনে যাওয়ার খবর নিশ্চিত করেনি। ইসরাইলের সাথে আমিরাতের এখনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দুদেশের মধ্যে অনানুষ্ঠানিকভাবে নানা ধরনের সম্পর্কের কথা প্রায়শ গণমাধ্যমে প্রকাশ হয়। ইসরাইলের একটি বাণিজ্যিক মিশন অফিস রয়েছে আরব আমিরাতে।
ইরানের বিরুদ্ধে ইসরাইল-উপসাগরীয় জোট গঠনের অংশ হিসেবে ইউএই এফ-৩৫-এর নিজস্ব জঙ্গি বিমান ক্রয় করার চেষ্টা করছে বলে যখন খবর বের হলো তখন দেশটির সামরিক প্রতিনিধি দল ইসরাইল সফর করলেন।
আমেরিকা এরই মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইসরাইলসহ আরো কিছু মিত্র দেশের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করেছে। তবে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রিতে ওয়াশিংটনের ইসরাইল নীতি জড়িত থাকায় আমেরিকা এ বিষয়ে এখনো গভীরভাবে পর্যালোচনা করছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কারণ এতে মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য নষ্ট হয় কিনা তা খতিয়ে দেখছেন মার্কিন কর্মকর্তারা। #
পার্সটুডে/বাবুল আখতার/৫