'এস-৩০০ সিরিয়ার জন্য বড় প্রাপ্তি'
-
নাজদাত আনযোর
সিরিয়ার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নাজদাত আনযোর বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সন্ত্রাসীদের প্রতি ইসরাইলের সহযোগিতা ও সমর্থন বন্ধে ভূমিকা রাখবে। ইরানের বার্তাসংস্থা 'মেহেরনিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
সিরিয়ার সংসদের ডেপুটি স্পিকার আরও বলেন, রাশিয়ার কাছ থেকে এস-৩০০ পাওয়াটা একটা বড় ঘটনা। এটা একটা বড় প্রাপ্তি। এর ফলে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের প্রতি ইসরাইলি সহযোগিতা কমতে বাধ্য। এর মধ্যদিয়ে সিরিয়ার বিভিন্ন বিজ্ঞান-গবেষণা কেন্দ্র এবং কারখানায় ইসরাইলি হামলা কমে যাবে। কারণ সিরিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা শক্তি আরও বাড়বে।
তিনি বলেন, সিরিয়াকে এস-৩০০ দেওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। কারণ প্রতিরোধকামী দেশগুলোর ওপর তারা বিমান বাহিনীর সাহায্যে শক্তি দেখাতো। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই।
গত ১৮ সেপ্টেম্বর রাশিয়ার একটি বিধান ভূপাতিত হয়ে ১৪ জন নিহত হওয়ার পর মস্কো সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রুশ বিমান ভূপাতিত হওয়ার জন্য মস্কো ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০