ইসরাইলি গ্যাস পাইপলাইন প্রকল্পে বিনিয়োগ করেছে আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i66104-ইসরাইলি_গ্যাস_পাইপলাইন_প্রকল্পে_বিনিয়োগ_করেছে_আমিরাত
ইহুদিবাদী ইসরাইলের একটি গ্যাস পাইপলাইন প্রকল্পে কমপক্ষে ১০ কোটি ডলার বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলের গণমাধ্যম এ খবর দিয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ২৫, ২০১৮ ১৮:৩৩ Asia/Dhaka
  • ভূমধ্যসাগরে ইসরাইলের একটি গ্যাসকূপ
    ভূমধ্যসাগরে ইসরাইলের একটি গ্যাসকূপ

ইহুদিবাদী ইসরাইলের একটি গ্যাস পাইপলাইন প্রকল্পে কমপক্ষে ১০ কোটি ডলার বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলের গণমাধ্যম এ খবর দিয়েছে।

ভূমধ্যসাগরের একটি বিতর্কিত ক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে ইসরাইল ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করতে চায়। প্রকল্পে অর্থ বিনিয়োগের বিষয়ে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে চুক্তি হয়েছে তাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ইসরাইলি গণমাধ্যম।

ইসরাইল এ প্রকল্পের নাম দিয়েছে ‘ইস্ট মেড পাইপলাইন প্রকল্প’ এবং তেল আবিব এরইমধ্যে গ্রিস, ইতালি ও সাইপ্রাসের সঙ্গে চুক্তি করেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রকল্পটির প্রতি সমর্থন দিয়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রকল্পটি শুরু হবে সাইপ্রাসের দক্ষিণ উপকূলের ১৭০ কিলোমিটার দূর থেকে এবং ২,২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্রিট ও গ্রিক হয়ে পাইপলাইনটি যাবে ইতালির অটরান্তোতে। আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে এবং পাঁচ বছরের মধ্যে তা শেষ হবে।

পাইপলাইনের মাধ্যমে প্রতি বছরে দু হাজার কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। ২০৩০ সালের মধ্যে ইউরোপের দেশগুলোর বার্ষিক গ্যাসের চাহিদা বেড়ে ১০ হাজার ঘনমিটারে দাঁড়াবে।#

পার্সটুডে/এসআইবি/২৫