আসাদ সরকারের সঙ্গে চুক্তি: মানবিজ থেকে সরে গেছে কুর্দি যোদ্ধারা
-
মানবিজে উড়ছে সিরিয়ার জাতীয় পতাকা
সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর থেকে শত শত কুর্দি যোদ্ধাকে প্রত্যাহার করা হয়েছে। এসব যোদ্ধা ফোরাত নদীর পূর্ব উপকূলে অবস্থান নেবে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বুধবার) ঘোষণা করেছে যে, প্রায় ৪০০ কুর্দি যোদ্ধা সীমান্ত শহর মানবিজ থকে চলে গেছে। সম্ভাব্য তুর্কি সেনা অভিযানের মুখে কুর্দি যোদ্ধাদেরকে সমর্থন দেয়ার জন্য সিরিয়া সরকারের প্রতি আবেদন করার কয়েকদিন পর এ ঘটনা ঘটলো। তবে ওই শহরে কত কুর্দি যোদ্ধা রয়ে গেছে তা নিশ্চিত নয়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, দামেস্ক সরকারের সঙ্গে চুক্তির আওতায় মানবিজ থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার করা হয়েছে। ওই চুক্তিতে কুর্দিরা উত্তরাঞ্চলীয় এ শহরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেয়ার অঙ্গীকার করেছে।
সিরিয়ার কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজি মানবিজ শহর থেকে যোদ্ধা প্রত্যাহারের খবর নিশ্চিত করেছে। ২০১৬ সালে কুর্দি যোদ্ধারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে শহরটি দখল করেছিল। সম্প্রতি শহরটিতে সিরিয়ার সেনারা প্রবেশ করেছে।#
পার্সটুডে/এসআইবি/৩