গাজায় ইসরাইলি বিমান হামলা; হামাসের পাল্টা রকেট হামলা
-
গাজায় ইসরাইলি বিমান হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত দুই ফিলিস্তিনি শহীদ ও কয়েকজন আহত হয়েছেন।
ইসরাইলি বিমান হামলার পর আজ (শনিবার) সকালে গাজা থেকে ইসরাইলে অন্তত ৯০টি রকেট ছোঁড়া হয়। রকেট হামলার সময় ইসরাইলে কয়েক দফায় সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে।
এর আগে শুক্রবার ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি শহীদ হন। এরমধ্যে দুজন বিমান হামলায় এবং দুজন বিক্ষোভ করতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন। এসব হত্যাকাণ্ডের জন্য ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলকে সম্পূর্ণভাবে দায়ী করে পরিণতি বরণের হুঁশিয়ারি দিয়েছে।
আজ এক বিবৃতিতে হামাস ইসরাইলি হামলার প্রতিশোধ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। হামাস বলেছে, ফিলিস্তিনিদের রক্ত গাজার প্রতিরোধ আন্দোলন বৃথা যেতে দেবে না।
রকেট ছোঁড়ার অজুহাত তুলে প্রায় নিয়মিতভাবে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে আসছে।#
পার্সটুডে/এসআইবি/৪