হুথি ক্ষেপণাস্ত্রে লণ্ডভণ্ড সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সমাবেশ
-
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের এক সমাবেশ পণ্ড হয়ে গেছে। সৌদি আরবের আসির প্রদেশে সন্ত্রাসীরা ওই সমাবেশ করছিল। সেখানে ইয়েমেন থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জিলজাল-১ ক্ষেপণাস্ত্র গতকাল (সোমবার) বিকেলে আসির প্রদেশের আবওয়াব আল-হাদিদ এলাকায় আঘাত হানে। চারটি ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানে বলে চ্যানলটি জানিয়েছে তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানা যায় নি।
দিনের প্রথমভাগে ইয়েমেনি সেনারা সৌদি আরবের জিজান প্রদেশের আল-তাভাল ক্রসিং পয়েন্টে একই ধরনের একটি হামলা চালায়। এর আগের দিন (রোববার) ইয়েমেনের সেনারা সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল।
২০১৫ সাল থেকে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। জবাবে ইয়েমেনের হুথি আন্দোলন ও তাদের সমর্থিত সেনারা পাল্টা হামলা চালাচ্ছে। সম্প্রতি তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৩