হামাসের বিবৃতি
সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মাতৃভূমি রক্ষার অধিকার ফিলিস্তিনিদের আছে
-
হামাস যোদ্ধাদের ফাইল ফটো
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, মাতৃভূমি রক্ষা বিশেষ করে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনি ভূমিকে উদ্ধার করার অধিকার ফিলিস্তিনি জনগণের রয়েছে।
গাজা ভিত্তিক সংগঠনটি গতকাল (রোববার) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, দখলদার ইহুদিবাদী বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী চক্র অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেম বা আল-কুদ্স শহরে তাদের উন্মত্ত আগ্রাসন জোরদার করেছে। তাদের এই অব্যাহত আগ্রাসনের ফল হিসেবে শহীদের সংখ্যা বাড়ছে; বাড়ছে আহত মানুষ ও বন্দির সংখ্যা। এছাড়া, ক্ষেতের ফসল এবং সাধারণ মানুষের সম্পত্তিও ধ্বংস হচ্ছে।
পশ্চিম তীরের আল-খলিল বা হেবরন শহরে বাদাউয়ি মাসালমে নামে ১৮ বছর বয়সী এক তরুণ ইহুদিবাদী সেনাদের গুলিতে শহীদ হওয়ার পর হামাস এই বিবৃতি দিল। শনিবার রাতে ইহুদিবাদী সেনারা এ তরুণকে গুলি করে হত্যা করে এবং তার লাশ নিয়ে যায়।
হামাস তাদের বিবৃতিতে আরো বলেছে, শহীদ এই তরুণের জীবনের স্বপ্ন ছিল দখলদার মুক্ত ফিলিস্তিনকে দেখা এবং এই স্বপ্ন একমাত্র প্রতিরোধের মাধ্যমেই বাস্তবে রূপ লাভ করতে পারে।
ফিলিস্তিনি তরুণ মাসালমের হত্যাকাণ্ডের পর পশ্চিম তীরে ব্যাপকভাবে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। গতকাল সেখানে স্কুল, কলেজ ও দোকান-পাটসহ সবকিছুই বন্ধ ছিল। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ দল ওই সাধারণ ধর্মঘটের ডাক দেয়।#
পার্সটুডে/এসআইবি/৩