ইরাকি জাতিকে অপমানের জবাব পেতে হবে: কাতাইব হিজবুল্লাহ
-
সামরিক কুচকাওয়াজের সময় ইসরাইল ও আমেরিকার পতাকা পদদলিত করছেন কাতাইব হিজবুল্লাহর যোদ্ধারা
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের অন্যতম প্রধান শরিক দল কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইরাকি জাতির ওপরে যে অপমানজনক হামলা চালিয়েছে আমেরিকা তা বিনা জবাবে পার পাবে না; এর শাস্তি মার্কিন বাহিনীকে পেতে হবে।
গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ইরাকের মাটিতে মার্কিন সেনাদের উপস্থিতি বজায় রাখা এবং ইরাকি জনগণকে অপমান করার পরিণতি ভোগ করতে হবে দখলদার বাহিনীকে। বিবৃতিতে আরো বলা হয়েছে, দখলদার ও আগ্রাসী বাহিনীকে প্রতিরোধ করা সমস্ত আন্তর্জাতিক আইন অনুসারে বৈধ।
কাতাইব হিজবুল্লাহ আরো বলেছে, গত বুধবার তাজি সামরিক ঘাঁটিতে কারা হামলা চালিয়েছে তা তাদের জানা নেই। ওই হামলায় আমেরিকার দুই সেনা এবং ব্রিটেনের একজন নিহত হয়েছে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি হামলার নিন্দা করেছেন। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি।
ইরাকি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নিন্দার প্রতিবাদ জানিয়ে কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী বহিষ্কারের ব্যাপারে জাতীয় সংসদে যে প্রস্তাব পাস হয়েছে তার বিরুদ্ধে যায় এ ধরনের নিন্দা। যারা এ হামলার সঙ্গে জড়িত নির্ভয়ে তাদের নাম-পরিচয় প্রকাশ করার আহ্বান জানিয়েছে কাতাইব হিজবুল্লাহ। তাদের নিরাপত্তার নিশ্চয়তাও দিয়েছে সংগঠনটি।
বুধবার তাজি সামরিক ঘাঁটিতে হামলার পর ইরাক-সিরিয়া সীমান্তে পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর বিমান হামলা চালায় আমেরিকা। এতে অন্তত ১৮ জন যোদ্ধা শহীদ হয়েছনে।#
পার্সটুডে/এসআইবি/১৩