ইয়েমেন সংকট সমাধানে ইরানের প্রস্তাবনা এখনো টেবিলে আছে: তেহরান
-
সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনে আগ্রাসন চালালেও আজ পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারে নি
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইয়েমেন সংকট সমাধানের জন্য তেহরান যে উদ্যোগ নিয়েছিল এখনো তা টেবিলে আছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আলী আসগর খাজি রোববার ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান মনে করে একমাত্র রাজনৈতিক সংলাপের মাধ্যমেই ইয়েমেন সংকটের সমাধান সম্ভব। এ কারণে ইরান চারদফা প্রস্তাবনা উপস্থাপন করেছিল।
২০১৫ সালের ২৬ মার্চ সৌদি জোট দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দ্রুত রক্তপাত বন্ধের লক্ষ্যে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের কাছে ওই চারদফা প্রস্তাবনা উত্থাপন করেন। এতে বলা হয়েছে, ইয়েমেনে সমস্ত বৈদেশিক হামলা বন্ধ করতে হবে, দ্রুত মানবিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, জাতীয় সংলাপ শুরু এবং পূর্ণাঙ্গ ঐক্য সরকার গঠন করতে হবে।
ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গে খাজি বলেন, সামরিক আগ্রাসনের পর ছয় বছর পার হলেও আগ্রাসীরা শুধু ব্যর্থই হয় নি বরং ইয়েমেনের জনগণ যুদ্ধের ভারসাম্য নিজেদের অনুকূলে বদলে দিতে সক্ষম হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১৪