মোল্লা মানসুর নিহত হওয়ার খবর নিশ্চিত করল তালেবান
-
তালেবান নেতা মোল্লা আখতার মনসুর
মার্কিন ড্রোন হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আফগানিস্তানের তালেবান। পাকিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এ হামলা চালানো হয়।
তালেবানের প্রবীণ কমান্ডার মোল্লা আবদুর রউফ আজ (রোববার) তালেবান নেতা মোল্লা মানসুরের নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে পাক-আফগান সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন মোল্লা মানসুর।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির দফতর এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আফগান প্রেসিডেন্টের দফতরের একজন মুখপাত্র আজ বলেন, তালেবান নেতাকে লক্ষ্য করে চালানো মার্কিন ড্রোন হামলা সম্ভবত সফল হয়েছে। আশরাফ গনি একটি সম্মেলনে যোগ দেয়ার জন্য বর্তমানে কাতার সফর করছেন। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্টের ভারপ্রাপ্ত মুখপাত্র সাইয়্যেদ জাফর হাশেমি। হাশেমি জানান, আফগান কর্তৃপক্ষের সম্মতি নিয়েই এ হামলা চালানো হয়। এটি সফল হয়েছে বলে মনে হচ্ছে এবং নিশ্চিত হওয়ার জন্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ’র বরাত দিয়ে জানানো হয়েছে, মোল্লা মানসুর হয়ত নিহত হয়েছেন।#
পার্সঢুডে/মূসা রেজা/২২