চীনা সেনাবাহিনীর বিবৃতি
‘আগ্রাসী শত্রুদের কবর দিতে’ প্রস্তুত চীন
-
চীনা সামরিক বাাহিনীর মহড়া
চীনা সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড কড়া বিবৃতি প্রকাশের মাধ্যমে ‘শত্রুদের’ বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফরকে কেন্দ্র করে আমেরিকা ও চীনের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে চীনা সামরিক বাহিনী এই হুঁশিয়ারি উচ্চারণ করল।
চীনের পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল (সোমবার) চীনা সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়- সেনাদের বিভিন্ন ইউনিট নানা রকমের মহড়া চালাচ্ছে। এতে সেনা কর্মকর্তারা সৈনিকদের প্রতি আহ্বান জানাচ্ছেন যে, “যুদ্ধের জন্য কাতারবন্দী হয়ে প্রস্তুত থাকো, কমান্ড অনুসারে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও, সমস্ত আগ্রাসী শত্রুকে কবর দাও।”
টুইটারে দেয়া পোস্টে একই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ই ছাও নামে চীনের আরো একজন কূটনীতিক। গত সপ্তাহে বেইজিং ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিষয়ে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল, তিনি সেই হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেছেন। চীনা কূটনীতিক বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় আবারো সতর্ক করে ন্যান্সি পেলোসিকে তাইওয়ানে না পাঠাতে বলেছে। আগুন নিয়ে খেললে নিশ্চিতভাবে আপনারা নিজেরাই নিজেদের আগুনে পুড়বেন।”
ন্যান্সির তাইওয়ান সফরের ব্যাপারে চীন বারবার আমেরিকাকে হুঁশিয়ার করে আসছে। এক চীন নীতির আলোকে বিশ্বের প্রায় সব দেশ তাইওয়ানকে চীনের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। এমনকি আমেরিকাও এক চীন নীতি মেনে চলে এবং এই কারণে তাইওয়ানের সঙ্গে তার আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নীতির প্রতি আমেরিকা সবসময় সমর্থন দিয়ে আসছে এবং এর মাধ্যমে তাইওয়ানের জনগণের ভেতরে স্বাধীনতার উসকানি ছড়িয়ে দিয়ে এই দ্বীপটিকে চীন থেকে স্বাধীন রাষ্ট্রের নামে বিচ্ছিন্ন করতে চায়। এজন্য তাইওয়ানকে আমেরিকা দফায় দফায় বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২