সৌদি আরব উত্তেজনা বাড়ালে জবাব আরও শক্তিশালী হবে: ইয়েমেনের হুশিয়ারি
-
২০২৬ সালের ৬ জুলাই সানায় একজন সশস্ত্র ইয়েমেনি যোদ্ধা (ফাইল ছবি: এএফপি)
পার্সটুডে-ইয়েমেন সরকারের মুখপাত্র বেসামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে অব্যাহত হামলার জন্য সৌদি আরবকে আরও শক্তিশালী জবাবের হুশিয়ারি দিয়েছেন।
ওমর আল-বুকাইতি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের উত্তেজনা বৃদ্ধি হলে ‘উত্তেজনার জবাব উত্তেজনা দিয়ে এবং অবরোধের জবাব অবরোধ দিয়ে’-এই সমীকরণের আওতায় ইয়েমেন পাল্টা আরও জোরালো জবাব দেবে। তিনি এটিকে আত্মরক্ষায় সানার বৈধ অধিকার বলেও উল্লেখ করেন।
আল-বুকাইতি জানান, খামিস মুশাইত ও তাইফ থেকে পরিচালিত সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের বিরুদ্ধে ৭৩২টি বিমান হামলা চালিয়েছে। তাঁর দাবি, এসব হামলা ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং ইয়েমেনিদের রক্ত ঝরিয়েছে।
তিনি বলেন, সৌদি যুদ্ধবিমান সানায় বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাঁর ভাষায়, এসব হামলা ইয়েমেনিদের প্রতি রিয়াদের ‘নিষ্ঠুর’ অবস্থানের প্রমাণ।
তিনি সতর্ক করে বলেন, সৌদি আরবের অব্যাহত হামলার জন্য রিয়াদকে ‘চড়া মূল্য’ দিতে হবে। ইয়েমেনি যোদ্ধারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেবে এবং সৌদি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আগ্রাসন প্রতিহত করতে তারা দ্বিধা করবে না।
আল-বুকাইতি দাবি করেন, ইয়েমেনি বাহিনীর হামলা অত্যন্ত নিখুঁত এবং দেশটির সশস্ত্র বাহিনী কঠোর সামরিক শৃঙ্খলা বজায় রাখে।
তিনি আরও বলেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করেছে, সেগুলোর গতিপথের কারণে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। একইসঙ্গে সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনি বাহিনী পবিত্র নগরী মক্কায় হামলা চালিয়েছে-এমন অভিযোগকে তিনি ‘নির্লজ্জ মিথ্যা’ বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, সৌদি কর্মকর্তাদের মিথ্যাচারের ধরন সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়ছে।
ইয়েমেন সরকারের মুখপাত্র রিয়াদের নেতাদের ‘মিথ্যা অভিযোগ, বোমাবর্ষণ, অপরাধ ও অবরোধ’ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়ে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এর পরিণতি তাদের জন্য ভয়াবহ হতে পারে।#
পার্সটুডে/এনএম /২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।