মার্কিন সাংবাদিকসহ ৪ জনকে হত্যা করল আফগান তালেবান
-
ডেভিড গিলকি (ডানে) এবং তার দোভাষী জবিউল্লাহ তামান্না
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের এক অতর্কিত হামলায় একজন মার্কিন সাংবাদিক ও তার আফগান দোভাষী নিহত হয়েছে। আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআর’র সাংবাদিক ডেভিড গিলকি এবং তার দোভাষী জবিউল্লাহ তামান্না রোববার তালেবান হামলায় নিহত হন। হেলমান্দ প্রদেশের মারজাহ শহরের কাছে আফগান সেনাবাহিনীর সঙ্গে ভ্রমণরত অবস্থায় তারা জঙ্গি হামলার শিকার হন বলে এনপিআর জানিয়েছে।
হামলার সময় তারা সেনাবাহিনীর একটি হামভি যানে ছিলেন। হামলায় ওই যানের চালক এবং একজন সৈন্যও নিহত হয়। তবে যানটির আরোহী এনপিআরের অন্য দুই কর্মী অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, হেলমান্দ প্রদেশের লশকর গাহ ও মারজাহ শহরের মধ্যবর্তী একটি মহাসড়কে সেনাবাহিনীর হামভি যানটিতে কামানের গোলা আঘাত হানে।
এনপিআর’র ভাইস প্রেসিডেন্ট মিশেল ওরেসকেস জানিয়েছেন, ২০০১ সালে মার্কিন সেনারা আফগানিস্তানে আগ্রাসন চালানোর পর থেকে গিলকি দেশটির সংঘর্ষের খবর সরবরাহ করতে আফগানিস্তানে গিয়েছিলেন। এরপর থেকে তিনি ইরাক ও আফগানিস্তানের সংঘর্ষ কবলিত এলাকাগুলো থেকে খবর সংগ্রহ করছিলেন।
১৯৯২ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে অন্তত ২৭ জন বিদেশি সাংবাদিক নিহত হয়েছে। এর আগে সর্বশেষ বিদেশি সাংবাদিক নিহত হয়েছিলেন ২০১৪ সালে। ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় একজন আফগান পুলিশ বার্তা সংস্থা এপির চিত্রগ্রাহক আঞ্জা নিডরিঙ্গাসকে গুলি করে হত্যা করেছিল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬