আফগানিস্তান ছাড়তে মার্কিনীদের প্রতি তালেবান প্রধানের আহ্বান
তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা, আফগানিস্তানে মার্কিনীসহ বিদেশি বাহিনীর দখলদারিত্বের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ১৫ বছর পরও দেশটিতে আমেরিকাসহ বিদেশি সেনা উপস্থিতি বজায় রয়েছে। তালেবান সৃষ্টিতে খোদ আমেরিকার ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।
আফগানিস্তানের তালেবানের নেতা হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম বার্তায় এ আহ্বান জানান তিনি। বার্তায় তিনি বলেন, বল বা পেশী শক্তি প্রয়োগের বদলে বাস্তবতা মেনে নিন এবং আফগানিস্তানে দখলদারিত্বের ইতি ঘটান। বার্তা বলা হয়েছে, আগ্রাসী শক্তির বিরুদ্ধে দৃঢ় ভাবে রুখে দাঁড়িয়েছে আফগানিস্তানের মানুষ। তারা মার্কিন শক্তিকে আদৌ ভয় পায় না বলেও জানান তিনি।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রিটিশ ও সোভিয়েত আগ্রাসীদের সমর্থনকারীদের কপালে যা জুটেছে নতুন আগ্রাসীদের সমর্থককারীদের কপালেও তাই জুটবে।
বার্তার অন্যত্র তিনি বলেন, কাবুল যদি বিদেশি মিত্রদের ত্যাগ করে তবে আফগান সরকারের সঙ্গে চুক্তির সম্ভাবনা রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২