ইরানি জনগণ শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i156358-ইরানি_জনগণ_শত্রুদের_ষড়যন্ত্র_নস্যাৎ_করে_দিয়েছে_রাশিয়া
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানে সাম্প্রতিক নৈরাজ্যে স্পষ্টভাবে দেশের বাইরে থেকে অর্থায়ন করা হয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৬ ১৭:৩৩ Asia/Dhaka
  • জাখারোভা
    জাখারোভা

পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানে সাম্প্রতিক নৈরাজ্যে স্পষ্টভাবে দেশের বাইরে থেকে অর্থায়ন করা হয়েছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের মদদপুষ্ট কিছু এজেন্ট দেশের সাধারণ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে। বিদেশি মদদে ব্যাপক সন্ত্রাসী তৎপরতা চালানো হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হয়।

পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ইরানে পরিস্থিতির ধারাবাহিক স্বাভাবিকীকরণ প্রত্যক্ষ করছি। তিনি বলেন, শৃঙ্খলা ও আইন রক্ষায় ইরানি কর্তৃপক্ষের প্রচেষ্টা বিশেষ করে সংবিধানিক শৃঙ্খলা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে হাজার হাজার ইরানি নাগরিকের মিছিল শত্রুদের ধ্বংসাত্মক পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে।

মারিয়া জাখারোভা আরও বলেন, নতুন খ্রিস্টীয় বছরের প্রথম দিনগুলোতে ইরানের বাইরে থেকে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির পর এখন আমরা ইরানে পরিস্থিতি স্বাভাবিক হতে দেখে আনন্দিত।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যারা ষড়যন্ত্র করেছিল তারা ইরানের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়েছে।

জাখারোভা আরও বলেন, রাশিয়া আবারও ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। তিনি জানান, রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ ও ধারাবাহিক যোগাযোগ বজায় রাখছে। ইরানে রাশিয়ার কূটনৈতিক মিশনগুলো স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন