ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধে বার্নি স্যান্ডার্স ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান
-
বার্নি স্যান্ডার্স
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে ভোটের আগে সিনেট অধিবেশনে তিনি কড়া ভাষায় বক্তব্য দেন।
স্যান্ডার্স জানান, তার প্রস্তাবগুলো পাস হলে ইসরায়েলে ১২ হাজার ১০০০ পাউন্ড (৪৫৩ কেজি) বোমা এবং ১৩২টি সাঁজোয়া বুলডোজার পাঠানো বন্ধ হয়ে যাবে। এসব অস্ত্রের মূল্য ৪৪ কোটি ৬০ লাখ ডলারের বেশি, যা সম্পূর্ণভাবে মার্কিন করদাতাদের অর্থে অর্থায়ন করা হচ্ছে।
এই সিনেটর আরও অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন। চার দশকের চেষ্টার পর অবশেষে তিনি এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন, যিনি এতে রাজি হয়েছেন।
স্যান্ডার্সের মতে, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরান ও লেবাননের শত শত শিশু রয়েছে। পাশাপাশি এই সংঘাতে ২৬ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন।
এ সময় ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন ও জেফ মারক্লি–সহ আরও কয়েকজন সিনেটর প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন।
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, অ্যাডভোকেসি, নীতি ও প্রচারণা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েরা রোসাস ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এরিকা বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন অমান্য করে বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। এসবের মধ্যে রয়েছে গাজায় গণহত্যা, পশ্চিম তীরে সহিংসতা ও অবৈধ বসতি সম্প্রসারণ, বর্ণবৈষম্য ও দখলদারি এবং লেবাননে হামলা ও ব্যাপক বাস্তুচ্যুতি।
তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক অপরাধে জড়িত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।
ইতালির সরকারের উদ্দেশে এরিকা আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন–ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের পক্ষে অবস্থান নিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ শুরু করা উচিত। তাঁর মতে, এখন আর কেবল বক্তব্য যথেষ্ট নয়; রাষ্ট্রগুলোকে বাস্তব ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে, যাতে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা বন্ধ করা যায়।#
পার্সটুডে/এমএআর/১৫