নেতানিয়াহু আগের তিন মার্কিন প্রেসিডেন্টকেও ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন: কেরি
-
নেতানিয়াহু আগের তিন মার্কিন প্রেসিডেন্টকেও ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন
পার্সটুডে- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের তিন জন মার্কিন প্রেসিডেন্টদের কাছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁরা সবাই যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই তথ্য জানিয়েছেন।
পার্সটুডে জানিয়েছে, ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’-এ অতিথি হিসেবে আলাপের সময় জন কেরি বলেন, ‘ওবামা না বলেছিলেন। বুশ না বলেছিলেন। প্রেসিডেন্ট বাইডেনও না বলেছিলেন। আমি সেইসব আলোচনার অংশ ছিলাম।’
সাবেক এই মার্কিন কর্মকর্তা বলেন, পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা ইরানের সঙ্গে যুদ্ধে যেতে রাজি হননি। কারণ, তাঁরা তখনও ‘শান্তিপূর্ণ উপায়ের সব পথ যাচাই করে দেখেননি।’
জন কেরি যুক্তি দেন, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ- দুই যুদ্ধ থেকেই একটি সাধারণ শিক্ষা পাওয়া যায়। একজন ভিয়েতনাম যোদ্ধা হিসেবে তিনি ব্যক্তিগতভাবে জানেন, মার্কিন জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়।
সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিয়েতনামের একজন যোদ্ধা হিসেবে বলছি, যেখানে এ ধরনের সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল- সেখানে আমাদের কাছে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে মিথ্যা বলা হয়েছিল। ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের শিক্ষা হলো, মার্কিন জনগণের কাছে মিথ্যা বলবেন না। তারপর তাঁদের ছেলেমেয়েদের যুদ্ধে পাঠাতে বলবেন না।’
জন কেরির এই বক্তব্যের ভিডিও ক্লিপটি শেয়ার করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ লিখেছে, ‘সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ওবামা, বুশ এবং বাইডেনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁরা সবাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের আশা ছিল, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটবে এবং মানুষ জেগে উঠবে। কিন্তু আমরা দেখেছি, তার কিছুই ঘটেনি।’#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন