পাকিস্তানের সংসদ সদস্য:
‘ইমাম খোমেনি (রহ.) ইরানি জাতিকে প্রতিরোধ ও মর্যাদার পথ শিখিয়েছেন’
-
• পাকিস্তানের জাতীয় সংসদের সদস্য সাহার কামরান
পার্সটুডে- পাকিস্তানি এই রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সদস্য মনে করেন, নারী সম্প্রদায়ের বিকাশ এবং ইরানি জনগণের রাজনৈতিক পরিপক্কতা ইসলামী বিপ্লবের মহান প্রতিষ্ঠাতার অমর চিন্তাধারার প্রতিফলন। তিনি জোর দিয়ে বলেন: শত্রুদের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতির সম্মানজনক বিজয়ের রহস্য হলো ইমাম খোমেনির (রহ.) বাণীর পথে তাদের অবিচলতা।
পার্সটুডে জানিয়েছে, ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকীর ৩৭ বছর পূর্তি উপলক্ষে বুধবার ইসলামাবাদে ইরনার একজন প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে সাহার কামরান বলেন: ইমাম খোমেনি (রহ.) ইরানি জাতিকে প্রতিরোধ ও মর্যাদার পথ শিখিয়েছেন।
তিনি বলেন: বিশ্ব আজ ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পরাজয় প্রত্যক্ষ করছে, কারণ ইরানের জনগণ ঐক্যবদ্ধ এবং তারা ইমাম খোমেনী (রহ.)-এর মহান চিন্তাধারা থেকে প্রতিরোধ ও মর্যাদার এই পথ শিখেছে।
ইসলামাবাদে অবস্থিত পাকিস্তান অ্যান্ড পার্সিয়ান গালফ স্টাডিজ ইনস্টিটিউটের প্রধান আরও বলেন: ইরানের প্রতিরোধ সকল স্বাধীনতাকামী ও ন্যায়পরায়ণ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে এবং আমরা ইরানের সাথে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্কের জন্য গর্বিত।
তিনি আরো বলেন, ইরানের উপর আক্রমণটি আসলে সমগ্র অঞ্চলের উপর আক্রমণ ছিল এবং মার্কিন-ইসরায়েলি ষড়যন্ত্র সত্ত্বেও, ইরানের জনগণ আগ্রাসনের বিরুদ্ধে সম্মানজনক প্রতিরোধ দেখিয়েছে।
জনগণের অদম্য চেতনার, বিশেষ করে ইরানি সমাজে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে সাহার কামরান বলেন: ইমাম খোমেনী (রহ.)-এর চিন্তাধারা অমর এবং তা আমাদের সকলের মন ও হৃদয়ে জীবন্ত থাকবে।
পাকিস্তানের সংসদের পিপলস পার্টির এই প্রতিনিধি বলেন, নারী ক্ষমতায়ন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি উল্লেখযোগ্য। এখন আমরা বুঝতে পারছি কেন ইরানের শত্রুরা বৈজ্ঞানিক কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়গুলোতে হামলা চালিয়েছে, কিন্তু জ্ঞানকে গুলি ও বোমা দিয়ে ধ্বংস করা যায় না।
সাহার কামরান জোর দিয়ে বলেন, এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং চাপিয়ে দেওয়া যুদ্ধ প্রকৃতপক্ষে ইরানের স্থিতিশীলতা, প্রতিরোধ, নীতিগত অবস্থান এবং দৃঢ় সংকল্পকেই প্রমাণ করে, এবং আমরা আত্মবিশ্বাসী যে এই ময়দানে একমাত্র বিজয়ী হলো মহান ইরান জাতি।#
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।