চীন: ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি আঞ্চলিক উত্তেজনা কমাতে ইতিবাচক পদক্ষেপ
https://parstoday.ir/bn/news/world-i160356-চীন_ইরান_যুক্তরাষ্ট্র_চুক্তি_আঞ্চলিক_উত্তেজনা_কমাতে_ইতিবাচক_পদক্ষেপ
পার্সটুডে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্জিত সমঝোতাকে স্বাগত জানিয়ে একে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
(last modified 2026-06-15T11:08:37+00:00 )
জুন ১৫, ২০২৬ ১৬:৫৫ Asia/Dhaka
  • চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান
    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান

পার্সটুডে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্জিত সমঝোতাকে স্বাগত জানিয়ে একে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে লিন জিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকের প্রথম ধাপের বিষয়বস্তু নিয়ে যে ঐকমত্য হয়েছে, বেইজিং তাকে স্বাগত জানায়। একই সঙ্গে এ প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতামূলক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

চীনা মুখপাত্র আশা প্রকাশ করেন, তেহরান ও ওয়াশিংটন নির্ধারিত সময় অনুযায়ী সমঝোতা স্মারকের প্রথম ধাপে স্বাক্ষর করবে এবং এই সুযোগকে পারস্পরিক আস্থা বৃদ্ধি, সংলাপ জোরদার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজে লাগাবে।

লিন জিয়ান বলেন, চীন সবসময় বিশ্বাস করে যে মতপার্থক্য নিরসন এবং উত্তেজনা কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো সংলাপ ও আলোচনা। এ কারণে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং টেকসই শান্তি অর্জনের লক্ষ্যে পরিচালিত সব কূটনৈতিক উদ্যোগকে বেইজিং সমর্থন করে।

তিনি আরও জানান, পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যেতে চীন প্রস্তুত রয়েছে।

চীনা এই কর্মকর্তা বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহপথের নিরাপত্তা নিশ্চিত করা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।#

 

পার্সটুডে/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।