স্যান্ডার্স: বর্ণবাদী ইসরায়েলি সরকার যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার যোগ্য নয়
-
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স
পার্স টুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, এ ধরনের বক্তব্য একজন যুদ্ধাপরাধীর ভাষার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এমন একটি সরকার যুক্তরাষ্ট্রের সমর্থনের যোগ্য নয়।
ইরনার বরাতে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) এক পোস্টে লেখেন, “ইতামার বেন-গাভিরের পুরো লেবাননকে আগুনে পুড়িয়ে দেওয়ার আহ্বান কোনো সাধারণ মন্ত্রীর স্বাভাবিক মন্তব্য নয়। এটি একজন যুদ্ধাপরাধীর বক্তব্য।” ভারমন্ট অঙ্গরাজ্যের এই সিনেটর আরও বলেন, “ইসরায়েলের বর্ণবাদী ও চরমপন্থী সরকার যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার যোগ্য নয়।”
সম্প্রতি লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের এক অভিযানে চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর বেন-গাভির প্রতিক্রিয়ায় দাবি করেন যে “পুরো লেবাননকে পুড়ে যেতে হবে” এবং দেশটির বিরুদ্ধে সামরিক হামলা আরও জোরদারের আহ্বান জানান।
তিনি এর আগেও ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কানের (চ্যানেল ১১) এক সাক্ষাৎকারে লেবাননবিরোধী কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দক্ষিণ লেবাননে তেল আবিবের পূর্ণ স্বাধীনভাবে অভিযান চালানোর সুযোগ থাকা উচিত এবং অঞ্চলটিকে ইসরায়েলের “খেলার মাঠে” পরিণত করা প্রয়োজন।
বেন-গাভির আরও বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা জরুরি, যাতে হিজবুল্লাহ পুনরায় নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করার সুযোগ না পায়।
বেন-গাভিরের এসব বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকারকর্মী ও বিশ্লেষকদের অনেকেই মনে করেন, এ ধরনের মন্তব্য আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।#
পার্সটুডে/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।