আরাকচি: ইরানের বিরুদ্ধে আগ্রাসনে ব্রিটেনের যেকোনো সহযোগিতা অগ্রহণযোগ্য
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি (ডানে) এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড (বামে)
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আলোচনায় আরাকচি ইরানের প্রতি ব্রিটেনের সাম্প্রতিক নীতির সমালোচনা করেন। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ব্রিটেনের সাম্প্রতিক পদক্ষেপ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা সামরিক অভিযানে ব্রিটেনের সহযোগিতাকে অযৌক্তিক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন। তিনি এ বিষয়ে ব্রিটিশ সরকারের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান।
বর্তমান আঞ্চলিক পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে দায়ী করে আরাকচি বলেন, ইরান সদিচ্ছার সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়েছিল এবং ২৮ খোরদাদ যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল। তবে তাঁর দাবি, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করায় সেই সমঝোতা বাস্তবায়িত হয়নি।
আরাকচি আরও বলেন, ওমানের সহযোগিতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার জন্য কার্যকর প্রক্রিয়া গড়ে তুলতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর মতে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন এবং আগ্রাসনের সংজ্ঞা-সংক্রান্ত জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, কোনো দেশ যদি অন্য একটি দেশের বিরুদ্ধে অবৈধ হামলার জন্য নিজের ভূখণ্ড বা অবকাঠামো ব্যবহারের অনুমতি দেয়, তবে তা আগ্রাসনের শামিল এবং আক্রান্ত রাষ্ট্র আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে।
অন্যদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, নতুন ব্রিটিশ সরকার ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত নয় এবং তারা বিরোধ নিষ্পত্তিতে কূটনীতির পথেই বিশ্বাস করে। তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ‘প্রতিরক্ষামূলক হামলার’ জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে সম্মতি দিয়েছেন।#
পার্সটুডে/এমবিএ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।