ট্রাম্পের হোয়াইট হাউস সাদ্দামের পতনের সময়ের মতোই দেখাচ্ছে: হিলারি ক্লিনটন
-
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন
পার্সটুডে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ডেমোক্রেটিক পার্টির নেত্রী হিলারি ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে হোয়াইট হাউসে আনা পরিবর্তনের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং ভুল বিষয়গুলোর ওপর মনোযোগ দিচ্ছেন।
ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে, ইরানের সেদা ও সিমা নিউজ এজেন্সির বরাত দিয়ে জানায়, এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন ট্রাম্প প্রশাসনের সময় হোয়াইট হাউসের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবর্তনের সমালোচনা করেন। তিনি এর সঙ্গে ক্ষমতাচ্যুত ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের আমলের বাথ পার্টির প্রাসাদগুলোর পরিবেশের তুলনা করেন।
ক্লিনটন বলেন, “এটা পাগলামির মতো। আমি হোয়াইট হাউসের একটি ছবি দেখেছি, যার পরিবেশটা সাদ্দামের মতো মনে হয়েছে। সাদ্দাম ক্ষমতাচ্যুত হওয়ার পর আমি যখন বাগদাদে ছিলাম, তখন বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছিলাম। সে সময় আমি একজন সিনেটর ছিলাম। তার কয়েকটি প্রাসাদে আমার বৈঠক হয়েছিল। সেই স্থানগুলো এখন আমরা আমাদের নিজেদের হোয়াইট হাউসে যা দেখছি, তার কথাই মনে করিয়ে দেয়। এটা দুঃখজনক।”
তিনি আরও বলেন, “হোয়াইট হাউস এভাবে এতটা রুচিহীন ও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে-এটা দুঃখজনক। এটি ডোনাল্ড ট্রাম্পের আত্মমুগ্ধ ব্যক্তিত্ব এবং নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার প্রয়োজনীয়তারই প্রতিফলন।”#
পার্সটুডে/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।