তেল আবিবের বিরুদ্ধে তুরস্ককে ন্যাটো সমর্থন করবে না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i162816-তেল_আবিবের_বিরুদ্ধে_তুরস্ককে_ন্যাটো_সমর্থন_করবে_না_রাশিয়া
পার্সটুডে- রাশিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে অটুট জোটের কারণে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে যুক্তরাষ্ট্র ন্যাটোকে তুরস্কের পাশে দাঁড়ানোর অনুমতি দেবে না।
(last modified 2026-09-06T10:57:58+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১৯:৩৮ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

পার্সটুডে- রাশিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে অটুট জোটের কারণে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে যুক্তরাষ্ট্র ন্যাটোকে তুরস্কের পাশে দাঁড়ানোর অনুমতি দেবে না।

মেহর নিউজ এজেন্সি রিয়ানোভস্তির বরাত দিয়ে জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ন্যাটো পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়লে ন্যাটো আঙ্কারাকে সমর্থন করবে না। কারণ, ওয়াশিংটন তার গুরুত্বপূর্ণ মিত্রের বিরুদ্ধে এই জোটকে কোনো পদক্ষেপ নেওয়ার অনুমতি দেবে না।

সাম্প্রতিক মাসগুলোতে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক ব্যাপকভাবে উত্তপ্ত হয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দুই দেশের মতবিরোধ এখন সিরিয়ায় কৌশলগত প্রতিযোগিতার পর্যায়েও বিস্তৃত হয়েছে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনিদের হত্যা বন্ধ এবং গাজার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। একই সময়ে সিরিয়ায় তুরস্কের ভূমিকা ও উপস্থিতি নিয়েও দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। ইসরায়েল সিরিয়ায় তুরস্কের সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার ঠেকাতে চেষ্টা করছে। ফলে বিষয়টি আঙ্কারা ও তেল আবিবের মধ্যে উত্তেজনার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

সিরিয়ার একটি অংশ ইসরায়েলের দখলে থাকা এবং দেশটিতে ইসরায়েলের প্রভাব বিস্তারের প্রচেষ্টার প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা তেল আবিব ও আঙ্কারার মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।