কৌশলগত সহযোগিতা জোরদারে একমত ইরান ও রাশিয়া
বহুপক্ষীয় সহযোগিতার ওপর নির্ভর করছে আঞ্চলিক স্থিতিশীলতা: মেজর জেনারেল রেজায়ি
-
সের্গেই ল্যাভরত ও মোহসেন রেজায়ি
পার্সটুডে: ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে ইরান ও রাশিয়ার কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তেহরানের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বৈঠকে মোহসেন রেজায়ি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং এ অঞ্চলের দেশগুলোর উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে ইরান-রাশিয়ার কৌশলগত সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
তিনি দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন।
রাশিয়ার বিভিন্ন উদ্যোগ ও প্রস্তাবকে স্বাগত জানিয়ে রেজায়ি বলেন, দুই দেশের মধ্যে বৈচিত্র্যময় সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। ইরান ও রাশিয়ার যৌথ অর্থনৈতিক প্রকল্প বিশেষ করে কৌশলগত করিডরগুলোর নির্মাণকাজ সম্পন্ন করা—আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব ফেলবে।
যুদ্ধ-পরবর্তী আঞ্চলিক পরিস্থিতির নতুন বাস্তবতা তুলে ধরে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং তা দীর্ঘস্থায়ী করার বিষয়টি বহুপক্ষীয় সহযোগিতার ওপর নির্ভরশীল।
অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পর্ষদে ইরানের উদ্যোগ ও স্বার্থের প্রতি মস্কোর সমর্থনের কথা জানান।
তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক হামলার তীব্র নিন্দা জানান। আইএইএর তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলারও কঠোর সমালোচনা করেন তিনি।
ল্যাভরভ বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা ব্যাপক এবং তা বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।#
পার্সটুডে/এমএআর/২০