জার্মানির ব্রেমেনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভ মিছিল
https://parstoday.ir/bn/news/world-i162850-জার্মানির_ব্রেমেনে_ফিলিস্তিনিদের_প্রতি_সংহতি_জানিয়ে_ব্যাপক_বিক্ষোভ_মিছিল
পার্সটুডে-জার্মানির ব্রেমেন শহরে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ফিলিস্তিনি কমিউনিটির উদ্যোগে ব্যাপক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-09-07T06:48:46+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ২০:৩০ Asia/Dhaka
  • জার্মানির ব্রেমেনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভ মিছিল

পার্সটুডে-জার্মানির ব্রেমেন শহরে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ফিলিস্তিনি কমিউনিটির উদ্যোগে ব্যাপক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পার্সটুডে আরও জানিয়েছে, ব্রেমেন শহর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের এই বৃহৎ কর্মসূচির সাক্ষী হয়। সমাবেশে মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে শিশুদের ওপর যুদ্ধ, অবরোধ ও দুর্ভিক্ষের প্রভাব তুলে ধরা হয়।

ব্রেমেনের পার্লামেন্ট স্কয়ারে ফিলিস্তিনি কমিউনিটি ও আশপাশের এলাকার মানুষের অংশগ্রহণে একটি প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর স্লোগান ছিল-“হাজার হাজার জোড়া জুতা... হাজার হাজার নিহত”। যুদ্ধে নিহত শিশুদেরসহ মানুষের প্রাণহানির ব্যাপকতা তুলে ধরতেই এই প্রতীকী আয়োজন।

ব্রেমেনের ফিলিস্তিনি কমিউনিটির সভাপতি সামের বিলাল আসলান গাজার দুর্ভিক্ষে শিশুদের দুর্ভোগ তুলে ধরে আবেগঘন দৃশ্য উপস্থাপন করেন। ছবি, প্রতিকৃতি ও প্রতীকী মডেলের মাধ্যমে গাজার শিশুদের ওপর নেমে আসা মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়।

অনুষ্ঠানে ফিলিস্তিনি শিশু 'হিন্দ রজবের' ঘটনাও প্রতীকীভাবে পুনর্নির্মাণ করা হয়। গাজায় শিশুদের দুর্ভোগ ও যুদ্ধে প্রাণ হারানো ফিলিস্তিনি শিশুদের স্মরণ করিয়ে দিতেই এই হৃদয়স্পর্শী পরিবেশনা।

পার্লামেন্ট স্কয়ারে 'হাজার হাজার জোড়া জুতা' সাজিয়ে রাখা হয়। সামের বিলাল আসলানের ভাষ্য অনুযায়ী, প্রতিটি জোড়া জুতা একজন নিহত মানুষের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়, যাতে ফিলিস্তিনি জনগণের ক্ষয়ক্ষতির ব্যাপকতা মানুষের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরা যায়।

ব্রেমেনের ফিলিস্তিনি কমিউনিটির সভাপতি ও জার্মান-ফিলিস্তিনি অ্যাসোসিয়েশনের সহসভাপতি বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ নয়; বরং নিহত ও ক্ষতিগ্রস্তদের কণ্ঠ জার্মান সমাজের কাছে পৌঁছে দেওয়া এবং গাজার গুরুতর মানবিক পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।