সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ব্যয় ১১,৮৩০ কোটি ডলার: পাকিস্তান
পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ১১,৮৩০ কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করেছে। ২০০২ সাল থেকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে দেশটির এ ব্যাপক অর্থ ব্যয় হয়েছে বলে জানিয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান বা এসবিপি।
অর্থনৈতিক পরিস্থিতি ২০১৫-১৬ নামের প্রতিবেদনে এ তথ্য দিয়েছে এসবিপি। এতে পাকিস্তানের অগ্রগতি উল্লেখযোগ্য ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনৈতিক খাত মারাত্মক চ্যালেঞ্জের মোকাবেলায় পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে দেয়া হিসাব অনুযায়ী, পাকিস্তানের মোট জিডিপির এক তৃতীয়াংশের বেশি অর্থ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ব্যয় হয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে মার্কিন সরকার অনুমোদিত কোয়ালিশন সাপোর্ট ফান্ড বা সিএসএফ থেকে পাকিস্তান এ পর্যন্ত ১৪০০ কোটি ডলার পেয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাকিস্তানের মানুষ চড়া মূল্য দিয়ে চলেছে। অনেকে হতাহত হচ্ছে এবং বাস্তুভিটা হারিয়েছে অনেক পরিবার।
সন্ত্রাসবাদ বিরোধী লড়াই পাকিস্তানে বিদেশি পুঁজি বিনিয়োগকে নিরুৎসাহিত করেছে। দেশীয় পুঁজি বিনিয়োগ এবং রফতানির অপূরণীয় ক্ষতি হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯