মহাকাশ প্রযুক্তিতে সর্বশেষ সাফল্য তুলে ধরল ইরান
ইরান আজ মহাকাশ প্রযুক্তিতে সর্বশেষ সাফল্য প্রদর্শন করেছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইরানের নবম জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে আজ (বুধবার) তেহরানে ইরানের মহাকাশ সাফল্য মেলা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ইরানের বিজ্ঞান, গবেষণা এবং প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ ফারহাদি এবং প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানও উপস্থিত ছিলেন।
মহাকাশ সাফল্য মেলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নাহিদ-১ বা শুক্র টেলিযোগাযোগ উপগ্রহ এবং ইরানি ছাত্রদের তৈরি কিউব উপগ্রহ উন্মোচন করা হয়।
নাহিদ-১ কৃত্রিম উপগ্রহ ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রে নির্মিত হয়েছে। এ কৃত্রিম উপগ্রহ নির্মাণের মধ্য দিয়ে জিওসিক্রনাস উপগ্রহ নির্মাণের সক্ষমতা বাড়িয়েছে ইরান। সৌরশক্তি চালিত এ কৃত্রিম উপগ্রহ টেলিযোগাযোগ সেবা দেয়ার পাশাপাশি ছবি সেবাও দেবে।
মেলায় ইরানের আর সে সব সাফল্য তুলে ধরা হয়েছে তার মধ্যে ইরানের আমিরকাবির বিশ্ববিদ্যালয়ের তৈরি নজরদারির কাজে ব্যবহৃত 'পায়ামে আমিরকাবির উপগ্রহ' ছিল। এ ছাড়া, উপগ্রহের কক্ষপথ পরিবর্তনের কাজে ব্যবহার উপযোগী সামান-১ অরবিটাল ম্যানুভার সিস্টেমও ছিল।
অনুষ্ঠানে দেয়া ভাষণে সংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ইরানের মহাকাশ প্রযুক্তি খাতে সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি।
তিনি বলেন, একদিকে যদি বিদেশ থেকে প্রযুক্তি কেনার ওপর পুরোপুরি নির্ভর করা হয় কিংবা আন্তর্জাতিক অভিজ্ঞতার দিকে একেবারেই দৃষ্টি না দেয়া হয় তা হলে ভুল করা হবে।
এ ছাড়া, মহাকাশ প্রযুক্তিকে ইরানের শক্তির উৎস হিসেবে তুলে ধরেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১